
Asian Games Trials: এশিয়ান গেমসে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য ট্রায়ালে যোগ দিতে পারবেন ভিনেশ ফোগট (Vinesh Phogat)। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) আগেই এই কুস্তিগীরকে এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই রায়ে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ফলে ভিনেশের ট্রায়ালে যোগ দিতে আর বাধা নেই। তবে দিল্লি হাইকোর্টের রায় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। ডোপিং ঠেকানোর জন্য যে নিয়ম রয়েছে, তা মেনে চলেননি ভিনেশ। এ বিষয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট বলেছিল, জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) নীতি 'বর্জনীয়'। এই মন্তব্যের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে, সব কুস্তিগীরের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ফলে কুস্তি ফেডারেশনের নীতি নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না।
শনিবার শুরু হচ্ছে এশিয়ান গেমসের ট্রায়াল। এই কারণেই দিল্লি হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুললেও, শেষমুহূর্তে ভিনেশকে ট্রায়াল থেকে বাদ দিতে চায়নি সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিংহ (Justice P S Narasimha) ও বিচারপতি অলোক আরাধের (Justice Alok Aradhe)। এই কারণেই দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এশিয়ান গেমসের ট্রায়ালে কোনওরকম বিঘ্ন ঘটাতে চাইছে না আদালত।
দিল্লি হাইকোর্টে আবেদনে ভিনেশ দাবি করেছিলেন, তিনি মা হওয়ায় ডোপ-বিরোধী সব নিয়ম মেনে চলতে পারেননি। তিনি লিঙ্গ-বৈষম্যের শিকার হয়েছেন বলেও দাবি করেন এই কুস্তিগীর। এ বিষয়ে তাঁর পক্ষে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, শুধু এই কারণে ক্রীড়া প্রশাসনে হস্তক্ষেপ করতে পারে না বিচার বিভাগ। দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যে অ্যাথলিটরা ভারতের প্রতিনিধিত্ব করবেন, তাঁদের যোগ্যতার মান পূরণ করতে হবে এবং সব নিয়ম মেনে চলতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।