
World Cup Tickets:আর মাত্র ক'মাস পরেই শুরু হচ্ছে ক্রীড়া দুনিয়ার মেগা ইভেন্ট ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বল গড়াবে FIFA World Cup 2026-এর। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে টিকিটের দাম নিয়ে তীব্র সমালোচনার মুখে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, এবারের বিশ্বকাপ পুরোপুরি ফুটবল ভক্তদের জন্য উতসর্গ করা হয়েছে। কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক উল্টো। বিশ্বকাপের ম্য়াচ দেখতে টিকিটের দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে গিয়েছে তাতে গ্যালারিতে শুধু ধনী-ধনকুবের,সেলিব্রিটি, শিল্পপতিদেরই দেখা যাবে। বিশ্বকাপের টিকিটের যে বেস প্রাইস বা ফেস ভ্যালুর কথা বলেছিল ফিফা, তার থেকে এখন বাস্তবের দাম ৪০ গুণ বেশি হয়ে গিয়েছে। ফিফা সভাপতি ইনফান্তিনো কয়েক সপ্তাহ আগেই সতর্ক করেছিলেন, রিসেল ওয়েবসাইটে বিক্রি হওয়া টিকিটের দাম খুব বেশি হতে পারে। সেই আশঙ্কাই এখন সত্যি হয়েছে। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নিজস্ব প্ল্যাটফর্মেও টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
বুধবার পর্যন্ত দেখা গেছে, ১১ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের একটি 'ক্যাটাগরি থ্রি' টিকিট, যা স্টেডিয়ামের সবচেয়ে উঁচু গ্যালারির আসন ৫,৩২৪ মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৮২ হাজার টাকা) বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। অথচ ওই টিকিটের আসল দাম ছিল মাত্র ৮৯৫ ডলার। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে হতে চলা ফাইনালের সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭৫ মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৮৫ হাজার টাকা)। রিসেল ওয়েবসাইটের মাধ্যমে ফিফা বিশ্বকাপের টিকিট কিনতে হলে ওই টাকা দিতে হবে। ফাইনালে ভিআইপি গ্যালারিতে পাশাপাশি তিনটি টিকিটের প্যাকেজ মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা)। তবে খুব বিরল কিছু ক্ষেত্রে টিকিটের দাম উল্টো কমেও গেছে। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে অস্ট্রিয়া ও জর্ডানের গ্রুপ ম্যাচের একটি টিকিট যে স্টেডিয়ামে গত রবিবার সুপার বোল অনুষ্ঠিত হয়েছিল, এখন ৫৫২ ডলারে বিক্রি করা হচ্ছে। অথচ টিকিটটির আসল ক্রেতা এটি কিনেছিলেন ৬২০ মার্কিন ডলারে।
তবুও এত বেশি দাম হওয়া সত্ত্বেও টিকিট বিক্রি জোরকদমে চলছে। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে চাহিদা এতটাই বেশি যে ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি টিকিটের আবেদন জমা পড়েছে। মার্কিন মুলুকে ধনী ব্যক্তিদের অভাব নেই, তাই টিকিট বিক্রি নিয়ে ফিফার টার্গেট পূরণ হচ্ছে। কিন্তু সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে ক্রমেই হয়ে দাঁড়াচ্ছে এবারের বিশ্বকাপ।