Caller ID: ১ নভেম্বর থেকে ফোন এলেই স্ক্রিনে ভেসে উঠবে নাম! চিনতে পারবেন অচেনা নম্বর

Published : Oct 23, 2026, 11:08 PM IST
Caller ID

সংক্ষিপ্ত

Caller ID: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ফোনে কল আসার নিয়ম। অচেনা নম্বর থেকে ফোন এলেও স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম। কোনও অ্যাপ ইনস্টল করতে হবে না। প্রতারণা রুখতে দেশজুড়ে CNAP পরিষেবা চালুর নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম দফতর।

Caller ID: দিনে ১০টা অচেনা নম্বর থেকে ফোন? কে করছে, কেন করছে বুঝতে না পেরে ফোন ধরবেন কি ধরবেন না, সেই দ্বিধা? আর মাত্র কয়েকদিন। ১ নভেম্বর থেকে এই সমস্যার স্থায়ী সমাধান আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে ফোন এলেই, নম্বর সেভ করা না থাকলেও, স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম। আর তার জন্য Truecaller বা অন্য কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। দেশের সব মোবাইল ব্যবহারকারীর জন্য Calling Name Presentation বা CNAP পরিষেবা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর (DoT)। গত ১৩ অক্টোবর DoT একটি বিজ্ঞপ্তি জারি করে Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea এবং BSNL-কে নির্দেশ দিয়েছে, ১ নভেম্বর, ২০২৬ থেকে তাদের নেটওয়ার্কে CNAP চালু করতে হবে। এই সিদ্ধান্ত TRAI-এর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের সুপারিশের ভিত্তিতেই নেওয়া হয়েছে।

কী এই CNAP এবং কীভাবে কাজ করবে?

CNAP হল একটি নেটওয়ার্ক-ভিত্তিক পরিষেবা। এতদিন Truecaller আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট এবং ইউজারদের দেওয়া তথ্য থেকে নাম দেখাত। কিন্তু CNAP সরাসরি টেলিকম অপারেটরের KYC ডেটাবেস থেকে নাম টেনে দেখাবে। ফলে এটি অনেক বেশি নির্ভরযোগ্য।

DoT-এর জারি করা নিয়ম অনুযায়ী সিস্টেমটি এভাবে কাজ করবে:

১. সেভ করা নম্বরের ক্ষেত্রে: যদি কোনও নম্বর আপনার ফোনে আগে থেকেই সেভ করা থাকে, তাহলে আপনার সেভ করা নামটাই স্ক্রিনে দেখাবে। নেটওয়ার্কের নাম নয়। আপনার ফোনবুকই এখানে প্রাধান্য পাবে।

২. অচেনা দেশীয় নম্বরের ক্ষেত্রে: নম্বরটি যদি সেভ না থাকে, তাহলে যিনি ফোন করছেন, তিনি যে কোম্পানির সিম ব্যবহার করেন, সেই কোম্পানির কাছে তার নামে যে KYC ডকুমেন্ট জমা আছে, সেই নামটি আপনার স্ক্রিনে ভেসে উঠবে। যেমন, যদি রমেশ কুমার নামে সিম তোলা থাকে, তবে "Ramesh Kumar" দেখাবে। ৩. বিদেশি নম্বরের ক্ষেত্রে: বিদেশ থেকে আসা কোনও আনসেভড নম্বরের ক্ষেত্রে কোনও ব্যক্তির নাম দেখানো হবে না। বদলে স্ক্রিনে লেখা থাকবে "International Call"। এর ফলে বিদেশ থেকে আসা প্রতারণামূলক কল সহজেই চিহ্নিত করা যাবে।

৪. ব্যবসায়িক নম্বরের ক্ষেত্রে: অনেক কোম্পানি বাল্ক কানেকশন ব্যবহার করে। তারা চাইলে নিজেদের ব্র্যান্ডের নাম দেখাতে পারবে। তবে তার জন্য ট্রেডমার্ক সার্টিফিকেট বা GST পোর্টালে রেজিস্টার করা ট্রেড নেমের প্রমাণ টেলিকম অপারেটরকে দিতে হবে। অপারেটর যাচাই করার পরই সেই নাম দেখানো হবে, যাতে কেউ ভুয়ো কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করতে না পারে। গ্রাহককে কী করতে হবে? খরচ কত?

গ্রাহককে আলাদা করে কিছুই করতে হবে না। কোনও রিকোয়েস্ট, কোনও সেটিংস অন করার দরকার নেই। এবং এর জন্য কোনও অতিরিক্ত খরচও লাগবে না। ১ নভেম্বর থেকে 4G এবং তার উপরের নেটওয়ার্ক, অর্থাৎ 5G-তে স্বয়ংক্রিয়ভাবে এই পরিষেবা চালু হয়ে যাবে। 2G, 3G এবং ল্যান্ডলাইন নম্বরের জন্য এই পরিষেবা পরে কীভাবে চালু করা যায়, তা নিয়ে আলাদা ভাবে ভাবা হবে।

তাহলে কি Truecaller বন্ধ হয়ে যাবে?

একেবারেই না। সরকারের এই পদক্ষেপ Truecaller-এর মতো অ্যাপের বাজার কিছুটা কমালেও, পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। কারণ CNAP শুধুমাত্র কলারের KYC নাম দেখাবে। কিন্তু Truecaller স্প্যাম, ফ্রড, বিজনেস ক্যাটাগরি, কল রেকর্ডিংয়ের মতো অনেক অতিরিক্ত ফিচার দেয়। তবে সাধারণ মানুষের অচেনা নম্বর চেনার জন্য আর কোনও অ্যাপের উপর নির্ভর করতে হবে না, এটা নিশ্চিত।

কেন এই সিদ্ধান্ত?

দেশে প্রতিদিন বাড়ছে সাইবার প্রতারণা। KYC-তে এক নাম, Truecaller-এ অন্য নাম দেখিয়ে প্রতারণা করা হচ্ছিল। CNAP চালু হলে সরাসরি অপারেটরের ডেটাবেস থেকে আসল নাম দেখা যাবে, ফলে প্রতারণা কমবে। একই সঙ্গে DoT জানিয়েছে, গোপনীয়তা রক্ষার জন্য CLIR (Calling Line Identification Restriction) পরিষেবা যাঁরা নিয়ে রেখেছেন, তাঁদের নাম দেখানো হবে না। এবং কল শেষ হওয়ার পর অপারেটর সেই নামের তথ্য স্টোর করে রাখবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Artificial Intelligence on Climate Science: জলবায়ু গবেষণায় কীভাবে বিপ্লব আনছে এআই? রইল বিস্তারিত
২০২৮ সালের মধ্যে ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড! বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের