
Video Creators: YouTube, Instagram-এর মতো এবার ভিডিও ক্রিয়েটরদের টানতে বড় চাল দিল X। সংস্থা নিয়ে এসেছে ‘Video Kickstart Bonus’ নামে একটি নতুন পাইলট প্রোগ্রাম। এর অধীনে নির্বাচিত ক্রিয়েটররা মাত্র ১৫টি ভিডিও পোস্ট করলেই পেয়ে যাবেন ৩,০০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৮৫ লাখ টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এখানে ভিডিওর ভিউস বা এনগেজমেন্টের উপর পারিশ্রমিক নির্ভর করে না। বিপুল ভিউস না হলেও নির্ধারিত শর্ত পূরণ করলেই মিলবে এই ‘গ্যারান্টিড বোনাস’। X-এর Creator Product Lead Allegra Jacchia নিজেই এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, “We’re doubling down on video on X”।
টাকা পেতে হলে মানতে হবে ৪টি সহজ শর্ত:
১. ১৫ দিনে ১৫টি ভিডিও: ৩০ দিনের ক্যাম্পেইনের মধ্যে ১৫টি আলাদা দিনে অন্তত ১৫টি ভিডিও পোস্ট করতে হবে। একদিনে ৫টি ভিডিও দিলে হবে না, রোজ একটি করে পোস্ট করতে হবে।
২. ভার্টিক্যাল ও ছোট ভিডিও: ভিডিও হতে হবে ৯:১৬ ভার্টিক্যাল ফরম্যাটে, অর্থাৎ Instagram Reels বা YouTube Shorts-এর মতো। দৈর্ঘ্য ৩ মিনিটের কম হতে হবে।
৩. অরিজিনাল কনটেন্ট: অন্যের ভিডিও কপি করলে চলবে না। আপনার নিজের তৈরি ভিডিও হতে হবে। তবে আপনার নিজের Instagram Reels বা YouTube Shorts যদি ওয়াটারমার্ক ছাড়া X-এ পোস্ট করেন, তাহলে সেটিও গণ্য হবে।
৪. ভিডিও পাবলিক রাখতে হবে: ক্যাম্পেইন চলাকালীন এবং তার পর রিভিউ পিরিয়ড পর্যন্ত ভিডিও ডিলিট করা যাবে না।
এখানেই রয়েছে বড় ক্যাচ। এই প্রোগ্রামটি আপাতত Invite-Only। অর্থাৎ সবাই চাইলেই যোগ দিতে পারবেন না। X নিজেই বেছে বেছে ক্রিয়েটরদের আমন্ত্রণ পাঠাচ্ছে। যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁরা Creator Studio-র Programmes সেকশনে এই অপশন দেখতে পাবেন এবং ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে Enroll করতে হবে। ক্যাম্পেইন চলবে ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। এছাড়াও X জানিয়েছে, আমন্ত্রণ পাওয়া, Enroll করা এবং ১৫টি ভিডিও পোস্ট করলেই যে টাকা পাবেন, তার গ্যারান্টি নেই। X ফাইনাল রিভিউ করে সিদ্ধান্ত নেবে। এই বোনাস পেলে আপনি X-এর Original Content Rewards প্রোগ্রামে ফাস্ট-ট্র্যাক এন্ট্রি পাবেন, যেখানে ভবিষ্যতে আরও আয়ের সুযোগ রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।