- Home
- Business News
- ৫৩৮ কোটি টাকায় ১৮০ বছরের পুরনো প্রাসাদ কিনলেন মার্ক জুকারবার্গ! ৪৪০ একর জমিতে কী কী রয়েছে?
৫৩৮ কোটি টাকায় ১৮০ বছরের পুরনো প্রাসাদ কিনলেন মার্ক জুকারবার্গ! ৪৪০ একর জমিতে কী কী রয়েছে?
বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোগপতি মার্ক জুকারবার্গের সম্পত্তির তালিকায় এবার যুক্ত হল এক ঐতিহাসিক প্রাসাদ। মেটার সিইও এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে কিনেছেন ১৯ শতকের একটি বিলাসবহুল প্রাসাদ।

বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোগপতি মার্ক জুকারবার্গের সম্পত্তির তালিকায় এবার যুক্ত হল এক ঐতিহাসিক প্রাসাদ। মেটার সিইও এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে কিনেছেন ১৯ শতকের একটি বিলাসবহুল প্রাসাদ। নাম স্ট্র্যাঙ্ক্যালি ক্যাসল (Strancally Castle)। প্রায় ৫৩৮ কোটি টাকা মূল্যের এই সম্পত্তি ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চর্চা শুরু হয়েছে।

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে ব্ল্যাকওয়াটার নদীর ধারে অবস্থিত এই ঐতিহাসিক সম্পত্তি। প্রায় ৪৪০ একর এলাকা জুড়ে বিস্তৃত এস্টেটটির অন্যতম আকর্ষণ তিনতলা বিশাল প্রাসাদ। এর আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। প্রাসাদের চারপাশে রয়েছে বিস্তীর্ণ সবুজ জমি, জঙ্গল এবং নদীর ধারে ব্যক্তিগত জেটি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় ১৮৩০ সালে প্রাক্তন সাংসদ জন কিলির জন্য এই প্রাসাদ তৈরি করা হয়েছিল। স্থাপত্যের ধরন গথিক রিভাইভাল। বিখ্যাত স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইন এই প্রাসাদের নকশা তৈরি করেছিলেন। ২০০৩ সালে প্রাসাদটির ব্যাপক সংস্কার করা হয়। আগের মালিক মাইকেল এবং জিয়ানকার্লা অ্যালেন-বাকলি দীর্ঘদিন ধরে সম্পত্তিটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করেছিলেন।
রিপোর্ট অনুযায়ী, আইরিশ প্রপার্টি প্রাইস রেজিস্টারে এই লেনদেনের মূল্য ৫১.১৭ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৮ কোটি টাকা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নথিভুক্ত মূল্য মূল প্রাসাদ এবং তার সংলগ্ন সর্বোচ্চ এক একর জমির জন্য। গোটা ৪৪০ একরের এস্টেটের মোট ক্রয়মূল্য কত, তা প্রকাশ্যে জানা যায়নি। ফলে সম্পূর্ণ সম্পত্তি কিনতে জুকারবার্গের মোট খরচ আরও বেশি হতে পারে।
আয়ারল্যান্ডের সঙ্গে মেটার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ডাবলিনে সংস্থাটির ইউরোপীয় সদর দফতর অবস্থিত। এই প্রাসাদটি সেই সদর দফতর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আয়ারল্যান্ডে মেটার প্রায় ১,৫০০ কর্মী কাজ করেন। জুকারবার্গের মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক বাড়িটির দেখভাল চালিয়ে যেতে তাঁর পরিবার আগ্রহী। পাশাপাশি আয়ারল্যান্ডে সময় কাটানোর জন্যও তাঁরা উৎসাহী।
জানা যাচ্ছে, জুকারবার্গ ও তাঁর স্ত্রী আমেরিকাতেই থাকবেন। আয়ারল্যান্ডে এলে এই ঐতিহাসিক প্রাসাদ ব্যবহার করবেন তাঁরা।