
West Bengal News: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশী (Bangladeshi) অনুপ্রবেশকারী। মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশীকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দু'দিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দু'জনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে (Chennai) কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে গত কয়েক মাসে বেশ কয়েকজন বাংলাদেশী গ্রেফতার হয়েছে। চলতি মাসের শুরুতেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বেআইনিভাবে দালালের সহায়তায় বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার হয় বাংলাদেশী মহিলা ও এক দালাল। ওই মহিলার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার নাম মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা। তার সঙ্গে থাকা ওই দালালের বাড়ি গোপালনগর থানা অঞ্চলের মাঠপাড়া গ্রামে। তার নাম কবিরুল হোসেন মন্ডল। ১৪৩ বিএন বিএসএফ-এর (BSF) কর্তব্যরত জওয়ানরা তাদের গ্রেফতার করেন।
আগামী সপ্তাহে রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে মালদা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা গ্রেফতার হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.