Illegal Bangladeshi Migrants Arrested: দু'মাসের মধ্যে দ্বিতীয়বার, ফের মালদা টাউন রেল স্টেশনে জিআরপি-র হাতে ধরা পড়ল পাঁচ বাংলাদেশী। তবে এবার ধৃত বাংলাদেশীরা প্রত্যেকেই পুরুষ। এর আগে এই রেল স্টেশনেই ধরা পড়েছিল দুই বাংলাদেশী। তারপর একই ঘটনা দেখা গেল। গত সপ্তাহে মালদার গাজোল থেকে নয় জন মহিলা ও নাবালক-নাবালিকা বাংলাদেশী গ্রেফতার হয়েছিল। তাদের মালদার একটি সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এরই মধ্যে ফের বাংলাদেশীরা গ্রেফতার হল। রাজ্যে নতুন সরকার গঠনের পর অনুপ্রবেশ রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। এরই মধ্যে মালদায় অন্য ঘটনা দেখা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দূরপাল্লার একটি ট্রেনে করে বাংলাদেশীরা গুজরাট (Gujarat) ও দিল্লি (Delhi) থেকে মালদায় এসে পৌঁছয়। মালদা থেকেই কোনও দালাল মারফত বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এদিন রাতে মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই পাঁচ জনকে গ্রেফতার করে মালদা টাউন স্টেশন জিআরপি। পরে ধৃতরের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ওই পাঁচ বাংলাদেশীকে ইংরেজবাজার ব্লকের চন্দনপার্ক সংলগ্ন এলাকার হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে জেলা পুলিশ-প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশীদের নাম মহম্মদ জিয়ারুল (২৬), গুলজার মিয়া (৪৭), মহম্মদ কুরবান (১৮) । তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে। অপর ধৃতের নাম মুকুলেশ্বর রহমান (৪৬), তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট। অপর এক ধৃত সাবির আহমেদ (১৮)। তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা কেউ এসেছিল এক বছর আগে আবার কেউ দেড় বছর আগে। গুজরাট ও দিল্লিতে এরা বিভিন্ন পোশাক সামগ্রী ফেরি করে বেড়াত। পশ্চিমবঙ্গে সরকার বদলাতেই তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, 'এর আগে যে নয় জন বাংলাদেশী ধরা পড়েছিল, তাদেরই আত্মীয় ধৃতরা। আপাতত এদের ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। সবুজ সঙ্কেত এলেই বিএসএফ (BSF) পুশ ব্যাক করবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.