
TMC News: ডেথ সার্টিফিকেট জাল করে টাকা আত্মসাৎ! তৃণমূল কংগ্রেসের আরও এক কীর্তি ফাঁস। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত মিনাখাঁ বিধানসভার অধীনস্থ আটপুকুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ডেথ সার্টিফিকেট জাল করে দীর্ঘদিন ধরে এক বিজেপি কর্মীর মাছের ভেড়ির লিজের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী বৃদ্ধ বিজেপি কর্মী প্রদীপ ঢালী জানিয়েছেন, তিনি এর আগেও একাধিকবার পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল। ফলে তৎকালীন শাসক দলের নেতার বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি পুলিশ। এবার রাজ্যে পালাবদল হয়েছে। এবার পুলিশ ব্যবস্থা নেবে বলে আশায় বৃদ্ধ বিজেপি কর্মী।
এই বিজেপি কর্মীর অভিযোগ, তাঁর জ্যাঠামশাই নিঃসন্তান ছিলেন। সেই সুযোগ নিয়ে তিনি প্রয়াত হওয়ার পর ডেথ সার্টিফিকেট জাল করে স্থানীয় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা মানিক প্রামাণিক মাছের ভেড়ির লিজের টাকা আত্মসাৎ করেছেন। টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। প্রতারিত বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা সৌমেন কর্মকার বলেছেন, 'বিষয়টি আমরা দলকে জানাব এবং আমাদের এই বিজেপি কর্মী প্রদীপ ঢালী যাতে ন্যায্য বিচার পান, তার জন্য আমরা তাঁর পাশে আছি।' দল পাশে থাকায় আশাবাদী হয়ে উঠেছেন প্রতারিত বিজেপি কর্মী। তাঁর আশা, এবার ন্যায়বিচার পাবেন। এতদিন ধরে তাঁর যে টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা, সেই টাকা ফেরত চান এই বৃদ্ধ।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু সেই সময় পুলিশ-প্রশাসনে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে। দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনরোষও দেখা যাচ্ছে। এই কারণেই আশাবাদী হয়ে উঠেছেন প্রতারিত বৃদ্ধ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.