
Behala Paschim Assembly:দিন যত এগোচ্ছে ততই কঠিন হচ্ছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটের লড়াই। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে রায় দেবে দুই বেহালা। এর মধ্যে প্রচারে নেমে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টায় সবপক্ষই। বেহালা পশ্চিমে দীর্ঘ পাঁচটা বিধানসভা ভোটের পর ভোটবাক্সে (EVM)-এ থাকছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর পার্থর অনুপস্থিতিতে বেহালা পশ্চিমের রাজনৈতিক শূন্যতায় ঢুকে পড়েছে সাংবাদিক-কনটেন্ট ক্রিয়েটর স্বপন দাসের (Swapan Das) নাম। সব দলের জাঁকজমকপূর্ণ প্রচারের মাঝেই সেখানকার নির্দল প্রার্থী স্বপন দাস একাধিক বিস্ফোরক দাবি তুলে রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়েছেন।
রাজ্যে সাংবাদিক-প্রার্থীদের তালিকায় ঢুকে পড়েছে স্বপন দাসের নামও। ‘এশিয়া নেট বাংলা’র সম্পাদক রজত কর্মকার-এর এক পডকাস্টে বেহালা পশ্চিমকে নিয়ে তাঁর মিশন-ভিশন, সেখানকার রাজনীতির নানা অজানা দিক তুলে ধরলেন এই কেন্দ্রের নির্দল প্রার্থী তথা সমাজসেবক স্বপন দাস। তাঁর দাবি, বেহালা পশ্চিমের মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তনের কাণ্ডারি কে হবে, তাকে খুঁজছে। এমন দাবি করেন স্বপন। সঙ্গে দাবি করেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি কোনও সিরিয়াস রাজনীতিবিদ নন বলেও কটাক্ষ করেন স্বপন।
দেখুন সেই বিস্ফোরক পডকাস্টটি
বেহালাকে হাতের তালুর মতো জানেন বলে দাবি করে স্বপন তাঁর প্রতিপক্ষ প্রার্থীদের চ্য়ালেঞ্জ ছুড়ে বললেন, "কিছুটা নিহার ভক্ত (সিপিএম প্রার্থী) ছাড়া আর কেউ এই জায়গাটাই চেনে না। আর এলাকা না চিনলে উন্নয়ন সম্ভব নয়।' বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি কোনও সিরিয়াস রাজনীতিবিদ নন। কলকাতা পুরসভার ১২৫,১২৬, ১২৭, ১২৮ সহ বেহালা পশ্চিম বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডের কিছুই চেনেন না বলে স্বীকার করেছেন রত্না। প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির সঙ্গে ঘর করেও বেহালা পশ্চিমের এত ওয়ার্ড না চেনাটাই প্রমাণ করে রত্না সিরিয়াস রাজনীতিবিদ নয়। এমন দাবিও করেছেন স্বপন দাস।
তৃণমূলের রত্না চ্যাটার্জির ধারেপাশে সমাজবিরোধীদের ফুলের তোড়া হাতে দেখা যাচ্ছে এমন দাবি করে নির্দল প্রার্থী স্বপন দাবি করেন, বেহালায় একটা সময় সমাজবিরোধীদের দাপট, নৈরাজ্যের ভয়াবহ দিন আমরা দেখেছিলাম। অনেকের আশঙ্কা যেভাবে ওর (রত্না) চারদিকে সমাজবিরোধীরা ঘিরে থাকছে, তাতে বেহালার পুরনো সেই স্মৃতি ফেরার আশঙ্কা থাকছে।
বেহালার মুসলিমরা কি সবাই এবার তৃণমূলে ভোট দেবেন? প্রশ্নটা শুনেই সাংবাদিক নির্দল প্রার্থী হাল্কা হেসে বললেন,'' আমার কাছে খবর আছে, এখানে মুসলিমদের কাছে স্পষ্ট নির্দেশ আছে সিপিএম, জনতা উন্নয়ন পার্টি, মিম বা অন্য কোনও বিরোধী দলকে যেন কোনওভাবেই ভোট না দেওয়া হয়। সব ভোট যেন তৃণমূলই পায়।''এরপর আরও বিস্ফোরক কথা বলে প্রমাণ আছে দাবি করে স্বপন দাস জানান,"একজন প্রার্থী (নাম জানাতে চাননি) মুসলিম এলাকার ক্লাবগুলি একটা খাম দিয়েছেন যাতে ১০ হাজার টাকা করে ছিল। কিন্তু খাম খুলে দেখা যায় তাতে মাত্র ৭ হাজার টাকা রয়েছে। তার মানে সেখানেও ৩ হাজার টাকা কাটমানি হয়ে গিয়েছে।"
তৃণমূলের একটা বড় অংশ পরিবর্তন চাইছে, তারা কোনওদিন বিজেপি-সিপিএমকে ভোট দেবে না। এমন ভোটাররা তার দিকে ঝুঁকবে বলে দাবি করেছেন স্বপন। একইরকমভাবে সিপিএমের একটা বড় অংশের মানুষ যারা দলের প্রতি হতাশ, তারাও তাকে ভোট দেবেন বলে আশাপ্রকাশ বেহালা পশ্চিমের সাংবাদিক-কনটেন্ট ক্রিয়েটর নির্দল প্রার্থী। এমনকী রাজ্য ও বেহালায় পরিবর্তন আনার স্বার্থে বিজেপির প্রার্থীকে তুলে নিয়ে তাকে সমর্থন করার জন্য রাজ্য বিজেপি নেতাদের ইমেল করেছেন বলেও স্বপন দাস জানান। তাঁর সাফ কথা, তৃণমূলকে হারানোর ক্ষমতা তার আছে। বিজেপি গোটা রাজ্যে ২৯৩টি আসনে লড়ুক, আমি একটাতে লড়ি। নিজে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেও মনে করেন আসল হল মাঠের রাজনীতি, সব সময় মানুষের সঙ্গে থাকে, বিপদে পাশে দাঁড়ানো।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গিমিকের রাজনীতির তিনি তীব্র বিরোধী। তৃণমূলের সবাই বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত। মমতা নন, বেহালা পশ্চিমে একটা বড় সময় পার্থ চট্টোপাধ্যায়-কে দেখেই ভোট দিয়েছেন। এমন অনেক দাবি ও বেহালা রাজনীতির গোপন কথা সামনে আনলেন স্পষ্ট বক্তা স্বপন দাস। সুবক্তা, লড়াকু, আত্মবিশ্বাসী সাংবাদিক-নির্দল প্রার্থী স্বপন চান তাঁর কেন্দ্রের সব ভোটাররা জানুন তিনিও ভোটের ময়দানে আছেন। বারবার বলছেন, বেহালার মানুষের স্বপ্নপূরণ করার মিশনের বিশ্বাসটা ভোটারদের মধ্যে করে যাব। তারপর দেখা যায় মানুষ কী করে। স্বপন স্বপ্ন দেখছেন, স্বপ্নপূরণ হবে কি না তা জানার অপেক্ষা ৪ মে।
রত্ন চট্টোপাধ্য়ায় (তৃণমূল)
ইন্দ্রনীল খাঁ (বিজেপি)
নীহার ভক্ত (সিপিএম)
শৈবাল রায় (কংগ্রেস)
স্বরূপ চক্রবর্তী (জেইউপি)
স্বপন দাস (নির্দল)
নোটা (উপরের কেউ নয়)
ভোটগ্রহণ: ২৯ এপ্রিল (দ্বিতীয় দফায়)। ফলপ্রকাশ: ৪ মে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.