
BJP vs AITC: চাহিদা মতো কাটমানি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বরাদ্দ রাস্তা তৈরি করতে দেয়নি তৎকালীন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। দীর্ঘদিন পর সেই রাস্তা তৈরির কাজের সূচনা করলেন বিজেপি-র বিধায়ক ধ্রুব সাহা। রাস্তা নির্মাণে কেউ বাধা দিলে বা কাটমানি চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম জেলার রামপুরহাটের বিজেপি বিধায়ক। পাশাপশি বরাদ্দ অনুযায়ী ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে বলে নির্মাণ সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটের স্বাধীনপুর গ্রামে। বীরভূমের রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির অধীনে স্বাধীনপুর গ্রামের ক্যানেল মোড় থেকে সইপুর গ্রামের ক্যানেল মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়। বরাত পাওয়া নির্মাণ সংস্থার কাছ থেকে তোলার টাকা দাবি করে স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। চাহিদা মতো টাকা না দেওয়ায় নির্মাণ সংস্থাকে কাজ করতে দেয়নি তারা। ফলে দীর্ঘদিন ধরে সেই কাজ বন্ধ হয়ে পড়ে ছিল। রবিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সেই রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকেই বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ, সেই সময় একাধিক তৃণমূল নেতা বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে মোটা অঙ্কের টাকা আদায় করেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার উল্টো ছবি দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। জানা গিয়েছে, অতীতে নেওয়া সেই টাকা ফেরত দিচ্ছেন বেশ কিছু তৃণমূল নেতা। এমনই ঘটনা সামনে এসেছে পারুই থানার অন্তর্গত সুন্দিপুর গ্রামে। স্থানীয় তৃণমূল নেতা শেখ ইকরামের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের পর বিজেপি-র কয়েকজন কর্মীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার কাছাকাছি টাকা নেওয়া হয়েছিল। এবার সেই বিজেপি কর্মীদের কাছেই ওই টাকা ফেরত দিতে দেখা গেল তাঁকে।
তৃণমূল নেতার টাকা ফেরত দেওয়ার ঘটনাকে ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল নেতা প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। তিনি জানিয়েছেন, এমন নির্মমভাবে অত্যাচার করাটা ঠিক হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.