
রবিবার বীরভূমের নানুরে পুলিশের এনকাউন্টারে মূল অভিযুক্ত রতন শেখের মৃত্যুর পর, রাজ্যের অপরাধী এবং বেআইনি আগ্নেয়াস্ত্রধারীদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন রাজ্যে অন্য নেতা মন্ত্রীরাও।
এএনআই-কে শুভেন্দু জানান, রতন শেখ পুলিশের ওপর গুলি চালিয়েছিল, যার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শান্তিনিকেতন গুলি কাণ্ডে রতনকে ধরতে গেলে সে পুলিশের ওপর গুলি চালায় বলে অভিযোগ। রবিবার নানুরে পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়। "সে পুলিশের ওপর গুলি চালিয়েছে, আর পুলিশ ঘটনাস্থলে যা করার সেটাই করেছে। এই নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গে গুন্ডা আর ধর্ষকদের কোনো জায়গা নেই। এখনও যেসব গুন্ডা আর বেআইনি অস্ত্রধারী রয়েছে, তারা এখান থেকে পালিয়ে যাক; অবিলম্বে রাজ্য ছাড়ুক। তাদের জন্য এখানে কোনো জায়গা নেই," বলেন মুখ্যমন্ত্রী।
এদিকে, পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পল এনকাউন্টারে পুলিশের পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, যারা পুলিশের ওপর হামলা চালাবে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে, রাজ্য সরকার তাদের রেয়াত করবে না। তিনি বলেন, এটি একটি আইনশৃঙ্খলার বিষয় এবং এনকাউন্টারের পরিস্থিতি পুলিশই সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে।
"এটা আইনশৃঙ্খলার ইস্যু। পুলিশকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তার উত্তর একমাত্র পুলিশই দিতে পারে। তাছাড়া, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সে ৩৬টি মামলায় অভিযুক্ত একজন কুখ্যাত অপরাধী ছিল। আমি নিশ্চিত সে আমাদের পুলিশ বাহিনীর ওপর গুলি চালিয়েছিল, ঠিক যেমন দু'দিন আগে এক পুলিশ কর্মীর ওপর সে গুলি চালিয়েছিল, যিনি এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সুতরাং, কোনো অপরাধী পুলিশের ওপর হামলা চালালে, পুলিশ চুপ করে বসে থাকবে না। আমাদের সরকারের বার্তা খুব স্পষ্ট— কোনো ধর্ষক, কোনো দাঙ্গাবাজ, বা বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কাউকে রেয়াত করা হবে না। আপনি যে দলেরই হোন না কেন, যে ধর্মেরই হোন না কেন, আইনশৃঙ্খলার সঙ্গে খেললে এই সরকার আপনাকে ছাড়বে না," সাংবাদিকদের জানান তিনি।
পশ্চিমবঙ্গের মন্ত্রী উমেশ রাইও পুলিশের পদক্ষেপকে সমর্থন করে বলেন, রাজ্য সরকার ধর্ষণ ও গুন্ডামির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলাচ্ছে এবং জোর দিয়ে বলেন, যে সমাজবিরোধীরা আগে পুলিশকে ভয় পেত না, তাদের এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে ভয় পেতে হবে।
"পশ্চিমবঙ্গ বদলাচ্ছে। আগে আমরা দেখতাম ধর্ষকদের আড়াল করতে পুলিশ মাঠে নামছে, আর প্রমাণ লোপাটের জন্য হাজার হাজার মানুষকে উসকে দিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। সেই সরকার আর ক্ষমতায় নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে ধর্ষণ আর গুন্ডামির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কেউ পুলিশের ওপর গুলি চালালে, পুলিশ তাদের ওপর ফুল ছড়াবে না; যা করার সেটাই করবে। যে সমাজবিরোধীরা পুলিশকে ভয় পেত না, তাদের এখন ভয় পেতে হবে," তিনি বলেন।
পশ্চিমবঙ্গের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, পুলিশ আত্মরক্ষার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছে। "পুলিশের কাছে অস্ত্র আছে। সেটা আত্মরক্ষার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য; পুলিশ ঠিক কাজই করেছে। এটা একটা শক্তিশালী প্রশাসন। বাংলার পুলিশের সঙ্গে খেলবেন না। ভাববেন না যে বাংলার পুলিশ চুপ করে বসে থাকবে। আমার মনে হয় পুলিশকে সাধুবাদ জানানো উচিত। আপনারা যা করেছেন সেটাই সঠিক, আর এই লোকটা এর চেয়ে ভালো কিছুর যোগ্য নয়," তিনি বলেন।
ডাকাতির মামলায় জামিন পেয়ে গত শুক্রবার এলাকায় ফিরেছিল রতন শেখ। পরে সে অন্য এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে একটি বাসস্ট্যান্ডে যায়। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজারের বটতলা এলাকায় তাকে ধরতে যান তিন পুলিশ কর্মী। কিন্তু পুলিশকে দেখেই রতন গুলি চালায় বলে অভিযোগ, এতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। গুলির ঘটনার পর মুখ্যমন্ত্রী বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান, যেখানে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান। রাজ্যে সরকার বদলের পর এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.