Birbhum Police: বীরভূমের শান্তিনিকেতনে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। সেই ঘটনায় অভিযুক্ত রতন শেখ এবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারাল। শান্তিনিকেতনের ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এনকাউন্টারের ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার রতনের নিহত হওয়ার খবর পাওয়া গেল।
West Bengal Police: বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার অঞ্চলে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখ রবিবার গুলির লড়াইয়ে প্রাণ হারাল। এদিন ধরা পড়ার পর সে ফের পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। সেই গুলিতে জখম হয় রতন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল সুরক্ষিত করে সেখানে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর একাধিক জায়গায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অভিযুক্তদের মৃত্যু হল। এবার বীরভূমেও একই ঘটনা দেখা গেল।
আত্মরক্ষার্থে গুলি পুলিশের
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রতন শেখ নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে সে। পাশাপাশি লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের অবস্থানও পুলিশকে জানায়। এরপর নানুর থানার অন্তর্গত উচকরণ বোল্ড ব্রিক ফিল্ড অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায় পুলিশ। সেই সময় হঠাৎই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে আহত হয় রতন শেখ। সঙ্গে সঙ্গে তাকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিকেল পাঁচটা বেজে ৪৫ মিনিটে মৃত বলে ঘোষণা করেন।’
পুলিশের পাশে মুখ্যমন্ত্রী
বীরভূমের এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, 'পুলিশকে মারতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনও স্থান নেই। পুলিশকে যে গুলি মারবে, ডিউটিতে থাকা পুলিশ অন-স্পট তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কোনও সহনশীলতা নেই। জিরো টলারেন্স। বাংলায় এক জনও ধর্ষক বা গুন্ডা থাকবে না।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














