
আবারও ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ রেঞ্জের পাঁচ ডিআইজি-কে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। নতুন ডিআইজি-দের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন পদে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি হলেন কঙ্কর প্রসাদ বারুই। তিনি ২০০৭ ব্যাচের আইপিএস। জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে অঞ্জলি সিংকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন অজিত সিং যাদব। তিনি ২০১১ ব্যাচের আইপিএস।
মঙ্গলবারও নির্বাচন কমিশন রাজ্যের বেশ কয়েকজন পুলিশকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় নতুন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বদলি হল: ২০১১ ব্যাচের আইপিএস সূর্য প্রতাপ যাদবকে বারাসত পুলিশ জেলার এসপি করা হয়েছে। কোচবিহারের নতুন এসপি হচ্ছেন রাকেশ সিং (এসপিএস ২০১৪)। বীরভূমের এসপি পদে আসছেন কুমার সানি রাজ (আইপিএস ২০১৭)। ইসলামপুর পুলিশ জেলার এসপি হচ্ছেন ঈশানী পাল (আইপিএস ২০১৩)। হুগলি গ্রামীণের এসপি পদে আসছেন পুষ্পা (আইপিএস ২০১২) এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন এসপি হচ্ছেন জসপ্রিত সিং (আইপিএস ২০১৬)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে (আইপিএস ২০১৫) কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি এবং পাপিয়া সুলতানাকে (এসপিএস ২০১৫) পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে দায়িত্ব নিতে বলা হয়েছে।
সোমবারও কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছিল। রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এক সঙ্গে পদ থেকে অপসারণ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সাতসকালেই রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল এবং কলকাতার নগরপাল সুপ্রতীম সরকারকেও একসঙ্গে অপসারণ করে কমিশন। নতুন ডিজি করা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। অজয় রানাডেকে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হয়েছে। অজয় কুমার নন্দ কলকাতার নতুন কমিশনার হয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার গত রবিবার সাংবাদিক বৈঠকে এ রাজ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে ভোট করানোর আশ্বাস দিয়েছিলেন। সেই লক্ষ্যেই আজ কমিশন রাজ্যের ডিজি-সহ পুলিশ কর্তাদের ভোটের আগে অপসারণ করল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.