মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দিতে একাধিক রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর বিভিন্ন রাজ্যেও শুরু হয়েছে ভাতা সংশোধনের প্রক্রিয়া। ইতিমধ্যেই আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। কোথাও ২ শতাংশ, আবার কোথাও বেতন কমিশনের নিয়ম অনুযায়ী আরও বেশি হারে ভাতা বাড়ানো হয়েছে।
ডিএ আসলে সরকারি কর্মীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ। মূল্যবৃদ্ধির প্রভাব কিছুটা কমাতেই এই অতিরিক্ত অর্থ দেওয়া হয়। সাধারণত সর্বভারতীয় গ্রাহক মূল্যসূচক বা AICPI-এর ভিত্তিতে বছরে দু’বার ডিএ সংশোধন করা হয়। জানুয়ারি ও জুলাই থেকে নতুন হার কার্যকর হওয়ার রীতি রয়েছে। কোন রাজ্যে কত শতাংশ বাড়ল ডিএ? আসাম: রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হার ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে। এই সিদ্ধান্তে আট লক্ষেরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হওয়ার কথা।
অরুণাচল প্রদেশ: এখানেও সরকারি কর্মীদের ডিএ ২ শতাংশ বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সংশোধনের ফলে ডিএ-র হার ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে।
তামিলনাড়ু: সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন হার অনুযায়ী মূল বেতনের ৬০ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার কথা।
বিহার: এই রাজ্যে বেতন কমিশন অনুযায়ী ডিএ বৃদ্ধির হার আলাদা। ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদের ডিএ ৫ শতাংশ বেড়ে ২৫৭ শতাংশ থেকে ২৬২ শতাংশ হয়েছে। পঞ্চম বেতন কমিশনের কর্মীদের ক্ষেত্রে ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে হার ৪৭৪ শতাংশ থেকে ৪৮৩ শতাংশ হয়েছে। সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে।
ওড়িশা: রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ২ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ভাতার হার ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে। বর্ধিত অর্থ মে মাসের বেতনের সঙ্গে দেওয়ার কথা জানানো হয়েছিল।
উত্তরপ্রদেশ: ২১ মে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়। ১ জানুয়ারি থেকে কার্যকর এই সিদ্ধান্তে প্রায় ১৬ লক্ষ কর্মী, শিক্ষক ও পেনশনভোগী উপকৃত হওয়ার কথা। বকেয়া ভাতা নিয়েও সিদ্ধান্ত মহারাষ্ট্রে মহারাষ্ট্র সরকারও সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে পদক্ষেপ করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদের ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি মাসের বকেয়া ভাতা মেটাতে ৮০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত অল ইন্ডিয়া সার্ভিসেস আধিকারিকদের ডিআর ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কী সিদ্ধান্ত? অন্য রাজ্যগুলিতে ডিএ বৃদ্ধির ঘোষণার মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা নিয়ে আগ্রহ রয়েছে। ২০২৬ সালের জুনে রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর। পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিআর বৃদ্ধির কথা জানানো হয়েছে।
তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান এখনও আলোচনার বিষয়। সেই ব্যবধান কতটা কমবে এবং আগামী দিনে আরও কোনও সংশোধন হবে কি না, সেদিকেই নজর সরকারি কর্মী ও পেনশনভোগীদের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.