
West Bengal News: তন্ত্রসাধনার নামে এক ১৪ বছরের নাবালককে নরবলি দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্যাংকান্দি অঞ্চলে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এই অঞ্চলে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত নাবালক ময়নাগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের সাহাপাড়া অঞ্চলের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন ব্যাংকান্দি অঞ্চলের এক মহিলা ওই নাবালককে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ, সেখানে নাবালকের মুখ গামছা দিয়ে বেঁধে তান্ত্রিক পুজো-অর্চনা শুরু করেন ওই মহিলা। তার সামনে রাখা ছিল একটি ধারালো অস্ত্র। ঘটনাচক্রে, অন্য এক প্রতিবেশী মহিলা বিষয়টি দেখে ফেলেন এবং তাঁর সন্দেহ হওয়ায় তড়িঘড়ি নাবালকের মাকে খবর দেন। খবর পেয়েই নাবালকের মা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
প্রাথমিকভাবে বিষয়টি জানাজানি না হলেও, গত মঙ্গলবার সন্ধ্যায় সাহাপাড়া অঞ্চলের ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত মহিলার এক আত্মীয়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় অভিযুক্তের মেয়ে উল্টে বিক্ষোভকারীদের উপর চড়াও হন। এই ঘটনার পর রাতেই আক্রান্ত নাবালকের মা ও প্রতিবেশীরা সরাসরি ময়নাগুড়ি থানার পুলিশের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মহিলা পলাতক।
আক্রান্ত নাবালকের মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই ওখানে নিয়ে যাওয়া হয়েছিল বলে আমাদের জোরালো সন্দেহ। সেই কারণেই আমরা প্রশাসনের উপর ভরসা রেখে পুলিশের দ্বারস্থ হয়েছি। আমরা দোষীর কঠোর শাস্তি চাই।’ ময়নাগুড়ি থানা সূত্রের খবর, নাবালকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক মহিলার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.