
Kolkata Weather: হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ। ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠল বাগডোগড়ার পারদ। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। ৩২.৩ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়ার পারদ। সেখানেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে রয়েছে। পর পর দুই দিন ৩০ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে ভালো খবর হল, এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ২০ ফেব্রুয়ারি থেকেসর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও বেলা বাড়লেই উধাও হবে শীতের আমেজ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। রবিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারী মাস শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকেও। পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোরবেলা এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও, বেলা বাড়তেই সেই তাপমাত্রা বাড়তে থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা- উভয়ই বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে।
বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমে শক্তি হারাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, তার পরোক্ষ প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.