- Home
- Business News
- Train Mobile Rules: ট্রেনে মোবাইলে জোরে গান বাজালে-ভিডিও দেখলেই বিপদ, ১০০০ টাকা ফাইন, ৬ মাস জেল
Train Mobile Rules: ট্রেনে মোবাইলে জোরে গান বাজালে-ভিডিও দেখলেই বিপদ, ১০০০ টাকা ফাইন, ৬ মাস জেল
ট্রেনে যাতায়াতের সময় মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা উচ্চস্বরে ফোনে কথা বলার অভ্যাস রয়েছে? এবার সাবধান! সহযাত্রীদের শান্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনে এবং রেল স্টেশনে শব্দদূষণ ও বিশৃঙ্খলা আটকাতে কড়া পদক্ষেপের পথে রেল।

ট্রেনে যাতায়াতের সময় মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা উচ্চস্বরে ফোনে কথা বলার অভ্যাস রয়েছে? এবার সাবধান! সহযাত্রীদের শান্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনে এবং রেল স্টেশনে শব্দদূষণ ও বিশৃঙ্খলা আটকাতে কড়া পদক্ষেপের পথে রেল। রেল বোর্ডের পরামর্শ মেনে এবার পূর্ব রেলের (Eastern Railway) সমস্ত ডিভিশনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনের কামরায়, বিশেষ করে AC কোচে, মোবাইলের স্পিকারে গান বা ভিডিও চালানো এবং উচ্চস্বরে কথা বলে অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের শান্তিপূর্ণ, আরামদায়ক ও ঝঞ্ঝাটমুক্ত সফর নিশ্চিত করতেই এই উদ্যোগ। শুধু নির্দেশিকা জারি নয়, যাত্রীদের সচেতন করতে স্টেশন ও ট্রেনেও প্রচার চালানো হবে।

ট্রেনে মোবাইল ব্যবহারে কী কী নিয়ম মানতে হবে?
- মোবাইলের স্পিকার চালিয়ে জোরে গান বা ভিডিও দেখা যাবে না।
- ট্রেনে বসে উচ্চস্বরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে।
- মোবাইলের রিংটোন অতিরিক্ত জোরে রাখা যাবে না।
- গান শোনা বা ভিডিও দেখার সময় ইয়ারফোন ব্যবহার করতে হবে।
- মোবাইল ফোন সাইলেন্ট অথবা ভাইব্রেশন মোডে রাখতে হবে। প্রয়োজনে রিংটোনের আওয়াজ কম রাখতে হবে।
স্টেশনে ও ট্রেনের ভিতরে চলবে প্রচার
যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক পদক্ষেপ করছে পূর্ব রেল। স্টেশনগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে নিয়মিত ঘোষণা করা হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও প্রচার চালানো হবে। mসম্ভব হলে ট্রেনের ভিতরেও এই ধরনের ঘোষণা করা হবে। পাশাপাশি স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সচেতনতামূলক পোস্টার ও স্টিকার লাগানো হবে। বিশেষ করে AC কোচে যাত্রীদের মোবাইলের স্পিকার ব্যবহার না করা এবং উচ্চস্বরে কথা না বলার বিষয়ে সতর্ক করা হবে।
নিয়ম না মানলে ১০০০ টাকা জরিমানা, ৬ মাসের জেল
এবার আসল বিষয়টি হল শাস্তির বিধান। পূর্ব রেলের নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, এই ধরনের আচরণ যদি উপদ্রব বা বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছয়, তাহলে রেলওয়েজ অ্যাক্ট, ১৯৮৯-এর ১৪৫ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ধারায় দোষী ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা এবং/অথবা সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
রেলের তরফে আরও জানানো হয়েছে, টিকিট পরীক্ষক (Ticket Examiner) পদমর্যাদার নীচে নন, এমন অনুমোদিত বাণিজ্যিক বিভাগের কর্মীরা এই ধরনের উপদ্রবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তবে আইন অনুযায়ী এবং তাঁদের নির্ধারিত ক্ষমতার মধ্যেই এই পদক্ষেপ করা হবে।
অর্থাৎ, মোবাইলে জোরে গান বাজালেই স্বয়ংক্রিয়ভাবে জরিমানা হবে, এমন নয়। বিষয়টি উপদ্রবের পর্যায়ে পৌঁছলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। রেল বোর্ডের পরামর্শ মেনে পূর্ব রেলের সমস্ত ডিভিশনকে এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। কোন ডিভিশনে কী ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হল এবং কোথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হল, তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। যাত্রীদের উদ্দেশে পূর্ব রেলের আবেদন, ট্রেন ও রেল চত্বরে অন্যদের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণ করুন। সামান্য সচেতনতা ও পারস্পরিক সহযোগিতাই প্রত্যেকের রেলযাত্রাকে আরও শান্তিপূর্ণ ও আরামদায়ক করে তুলতে পারে।