পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও গুটোচ্ছে সিবিআই। এবার জেলবন্দি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শনিবার জেলে গিয়েই তাকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা।
25
বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। টাকার বিনিময়ে চাকরি দেওয়া কিংবা চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করার অভিযোগ খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ।
35
সিবিআই জেরার মুখে সুজিত বসু
এর আগে এই মামলায় সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্ত, প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সুজিতকে জেরার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। অনুমতি পাওয়ার পরই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ।
পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার সুজিত বসু
গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই জেলবন্দি রয়েছেন তিনি। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আনে ইডি। এমনকি তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করেও একাধিক অভিযোগ খতিয়ে দেখেন তদন্তকারীরা।
55
জামিনের আবেদন খারিজে অস্বস্তিতে প্রাক্তন মন্ত্রী
অন্যদিকে, একাধিকবার জামিনের আবেদন করেও স্বস্তি মেলেনি প্রাক্তন মন্ত্রীর। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের বিরোধিতা করে ইডি দাবি করে, জামিন পেলে প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন সুজিত। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও এখনও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। শুধু তাই নয়, ইডির মামলায় জেলবন্দি সুজিত বসুকে এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে জেরা করল সিবিআই। এই জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।