
Dilip Ghosh News: ধর্ষণ কাণ্ডে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’তৃণমূল কংগ্রেসের আমলে নেতাদের বিরুদ্ধে হওয়া অভিযোগগুলো দিনের পর দিন এড়িয়ে যাওয়া হয়েছে।'' শুধু তাই নয়, এই ঘটনায় তিনি সঠিক তদন্ত এবং কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অতীততেও অনেক বিধায়ক, সাংসদ, এমনকী মন্ত্রীরাও গ্রেফতার হয়েছেন। অনেক নেতা এখন জেলে—তারা সবাই অপরাধী। এদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকলেও, শাসকদলে থাকার কারণে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।"
দিলীপ ঘোষের এই মন্তব্য এমন একটা সময়ে সামনে এলো, যখন সোমবার কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ দাস। বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত এড়াতে তিনি বিমানে করে মুম্বই পালানোর চেষ্টা করছিলেন। পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে মুম্বই পালানোর সময় রাম দাসকে আটক করা হয়।
চলতি বছরের ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় আইপিসির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ নম্বর ধারায় এই মামলাটি দায়ের হয়েছিল। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বিধাননগর পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। অতিরিক্ত এসপি অতীশ বিশ্বাস জানান, অভিযোগটি ২০২৩ সালের একটি ঘটনার, যেখানে রাম দাসই প্রধান অভিযুক্ত। তিনি বলেন, "আমরা আজ খবর পাই যে সে ইন্ডিগোর একটি ফ্লাইটে মুম্বই পালানোর চেষ্টা করছে।" এরপর বিধাননগর পুলিশের সাহায্যে স্পেশাল অপারেশনস গ্রুপের একটি দল তাকে আটক করে এবং পরে গ্রেফতার করে। তাকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবারই তাকে কোর্টে তোলা হবে।
এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানান যে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক পরেশ রাম দাস মুম্বই পালানোর চেষ্টা করছিলেন। তিনি দাবি করেন, ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অবশ্যই সত্যি। শুভেন্দু বলেন, ‘’তার এই পালানোর চেষ্টা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।''
তিনি বলেন, "সে মুম্বই পালাচ্ছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিশ্চিতভাবে সত্যি; তা না হলে সে কেন পালাবে? আমি যখন বিরোধী দলনেতা ছিলাম, সে তখন অশালীন ভাষা ব্যবহার করত। সে সেচ দফতরের জমি দখল করে সেখানে একটি বৃদ্ধাশ্রম বানিয়েছিল।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।