
কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্ক। মহিলাদের শৌচালয়ে একটি টিস্যু পেপারে লেখা বোমা রাখার কথা লেখা ছিল। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার হঠাৎ করেই নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান বন্দরে পুলিশের তৎপরতা শুরু হয়। যদিও দীর্ঘ তল্লাশির পরে বিমান বন্দর থেকে কিছুই উদ্ধার হয়নি।
শৌচালয়ে একটি টিস্যু পেপারে লেখা ছিল, '২৩ নম্বর গেটে বোমা মজুত রয়েছে। সিআইএসএফ-কে উড়িয়ে দেওয়া হবে।' এই লেখা ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ৯টার সময় টিস্যু পেপারটি উদ্ধার হয়। প্রথমে সেটি দেখেন সাফাই কর্মীরা। তারপরই তারাই খবর দেয় বিমান বন্দর কর্তৃপক্ষকে। বিমানবন্দর কর্তৃপক্ষ সিআইএসএফ ও বম্ব স্কোয়াডকে খবর দেয়। ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়। তন্ন তন্ন করে তল্লাশি চালায়। কিন্তু কিছুই পাওয়া যায়নি। যদিও বোমা নিয়ে রীতিমত তৎপর রয়েছে পুলিশ। এখনও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে।
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা বিমানবন্দরে এজাতীয় বোমার হুমকি দেওয়া হল। এর আগে ৮ অক্টোবর কলকাতা বিমান বন্দরে একটি ইমেলে হুমকি পাঠানো হয়েছিল। তখনই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কিন্তু তারপরই এই চিরকূট বার্তায় বিমানবন্দরে রীতিমত আতঙ্ক ছড়ায়।