Mamata Banerjee: 'মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছে', TMC নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে বিজেপিকে তোপ মমতার

Published : Nov 12, 2026, 09:37 AM IST
Trinamool Congress (TMC) chief Mamata Banerjee (File Photo/ANI)

সংক্ষিপ্ত

Mamata Banerjee: প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুর পর বিজেপির বিরুদ্ধে 'প্রতিহিংসার রাজনীতি'-র অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মিথ্যা মামলায় ৪৯ দিন জেলে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন ৭২ বছর বয়সী এই নেতা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mamata Banerjee: প্রবীণ তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা ৭২ বছর বয়সী উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুর পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে 'প্রতিহিংসার রাজনীতি', ভয় দেখানো এবং নির্যাতনের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি পোস্টে তৃণমূল নেত্রী উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জীবনের শেষ কয়েক মাসে ওই নেতাকে যে চরম কষ্ট সহ্য করতে হয়েছে, তা রাজ্যে চলা রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফলন। তিনি স্পষ্ট জানান, কোনও রাজনৈতিক শত্রুতা এমন অমানবিক আচরণের যুক্তি হতে পারে না।

সোশ্যাল মিডিয়ায় কী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

এক্সে মমতা লেখেন, "উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। জনজীবনে তিনি শুধুমাত্র একজন সহকর্মী ছিলেন না, দীর্ঘদিনের একটা নিবিড় সম্পর্ক ছিল আমাদের। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল পরিবারের একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি দলের জন্য এবং সর্বোপরি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর অটুট আনুগত্য এবং নিঃস্বার্থ সেবা তাঁকে আমাদের পরিবারের একজন অমূল্য সদস্য করে তুলেছিল। তাঁর চলে যাওয়াটা আমার কাছে একটা চরম ব্যক্তিগত ক্ষতি, যা কখনও পূরণ হওয়ার নয়... তবে সবচেয়ে যন্ত্রণার বিষয় হল, জীবনের শেষ কয়েক মাসে তাঁকে যে চরম দুর্দশার মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হয়েছে..."।

তিনি আরও বলেন, "তাঁর এই পরিণতি বাংলায় বিজেপির প্রতিহিংসা এবং ভয় দেখানোর রাজনীতির একটা ভয়ঙ্কর প্রমাণ। যখন রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে টার্গেট করা হয়, মিথ্যা মামলা দিয়ে মানুষের মনোবল ভাঙার চেষ্টা হয়, আর যারা মাথা নত করতে রাজি হয় না তাদের ওপর নির্যাতন চলে, তখন গণতন্ত্রই আহত হয়... কোনও রাজনৈতিক লড়াই এমন নিষ্ঠুরতাকে মান্যতা দিতে পারে না।"


মমতা আরও অভিযোগ করেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে উজ্জ্বল বিশ্বাসকে ৪৯ দিন জেলে বন্দি করে রাখা হয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে তাঁকে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তৃণমূল নেতার সঙ্গে নিজের শেষ কথোপকথনের কথা স্মরণ করে মমতা জানান, দল না ছাড়া এবং রাজনৈতিক আদর্শে অটুট থাকার জন্যই তাঁকে এই অপমান ও অত্যাচার সহ্য করতে হয়েছে বলে ওই নেতা তাঁকে জানিয়েছিলেন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "কয়েক মাস আগে তাঁর ওপর নির্মম হামলা হয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে ৪৯ দিন তাঁকে জেলে রাখা হয়েছিল। তাঁকে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার এখনও মনে আছে, তিনি যখন আমার সঙ্গে দেখা করতে এসে নিজের ওপর হওয়া এই অত্যাচার আর অপমানের কথা বলছিলেন।

শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ না ছাড়ার কারণে তাঁকে এসব সহ্য করতে হয়েছে। তাঁর কথার মধ্যে যে যন্ত্রণা ছিল, তা আমি কোনওদিন ভুলতে পারব না।"
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭২ বছর বয়সে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ কয়েকদিন তাঁকে ফুল ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh News: ভাইপোর বাড়িতে বুলডোজার, মমতা-অভিষেককে একযোগে কটাক্ষ দিলীপ ঘোষের
Tathagata Roy Speak: 'দিমাগি নকশাল' বিতর্কে ঝড়! সোনিয়ার বইয়ে কী বিস্ফোরক? মোদীকে চ্যালেঞ্জ রাহুলের, তথাগত কী বললেন?