
আরও দুর্বল হয়ে পারে তৃণমূল কংগ্রেস। স্বামীর পথ ধরেই এবার তৃণমূল ছেড়়ে দলবদল করতে পারেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ইতিমধ্যেই নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। হঠাৎ করেই সস্ত্রীক সুদীপের অমিত শাহের সঙ্গে দেখা করাই তাঁর দলবদলের প্রশ্ন উস্কে দিয়েছে। তবে নয়না কোথায় যাবেন? বাকি দলবদলু তৃণমূল নেতাদের মত তিনি ঋতব্রত শিবিরে যোগ দেবেন , না সরাসরি বিজেপিতে যোগ দেবেন? - তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে নয়না এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে চৌরঙ্গী বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন। খাতায় কলমে তিনি এখনও মমতা-পন্থী তৃণমূলেই রয়েছেন। বিধানসভা নির্বাচনের পরে মমতার একাধিক অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। যদিও সম্প্রতি মমতা-তৃণমূলের অনুষ্ঠানগুলিতে তিনি অনুপস্থিত থাকছেন। যা নিয়ে কালীঘাটেও নয়নার দলবদলের জল্পনা শুরু হয়েছে। যদিও নয়না বা সুদীপ এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। পাশাপাশি অমিত শাহের সঙ্গে তাদের কী নিয়ে কথা হয়েছে তা নিয়েও নীরব বন্দ্যোপাধ্যায় দম্পতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। দিল্লিতে বিজেপির সঙ্গে তাঁর বরাবরই সুসম্পর্ক ছিল। বর্তমানে এনসিপিআই-তেও তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দলবদলু সাংসদদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের সঙ্গে যে তৃণমূল নেতারা কথা বলছেন তাদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রথম সারিতে। সেই সুযোগে সুদীপ নয়নাকে বিজেপিতে যোগ করিয়ে দিতে পারেন বলেও গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।