
Kolkata Police: মধ্য কলকাতার জনবহুল অঞ্চল এন্টালিতে (Entally) একটি বিলাসবহুল ট্যাক্সির ভিতর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে এন্টালি থানার পুলিশ খবর পায়, ডি সি দে রোডের ২৫ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল ট্যাক্সির ভিতরে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, গাড়িটি ভিতর থেকে লক করা ছিল। স্থানীয় এক মেকানিকের সহায়তায় ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়ির লক ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পুলিশ জানায়, গাড়ির পিছনের সিটের সামনের অংশে প্রায় ৪৫-৫০ বছর বয়সি এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
এন্টালি থানার পুলিশ জানিয়েছে, দেহ পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তির শরীরে কোনও স্পন্দন নেই। এছাড়াও তাঁর দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং অন্যান্য তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত শুরু হয়েছে।