
Neelam Meena News: ৪ মে বাংলার ক্ষমতা হস্তান্তর হতেই রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ আগরওয়াল। বঙ্গ বিধানসভা ভোটে নির্বিঘ্নে ভোট বৈতরণী পার করে দেওয়ার পুরস্কারস্বরূপ তাকে এই পদে বসানো হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও সেই সব বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ আগরওয়াল। আর এবার তার উত্তরসূরি হিসেবে রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হলো নীলম মীনাকে। পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন।
নীলমের জন্ম ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি। স্নাতকোত্তরের পর ইউপিএসসি দেন। ১৯৯৮ ব্যাচের এই আইএএস ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসাবে কাজ করছিলেন। তা ছাড়া অতীতে প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, ব্যক্তিগত সচিব, জেলা কালেক্টর ও ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
সম্প্রতি রাজ্যের বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে উন্নীত করা হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের শীর্ষ নির্বাচনী পদের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের তরফ থেকে তিন জন সিনিয়র আইএএস অফিসারের একটি প্যানেল নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকা খতিয়ে দেখে শেষ পর্যন্ত ১৯৯৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার নীলম মীনাকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নিল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদের দায়িত্বে থাকাকালীন নীলম মীনা রাজ্য সরকারের অন্য কোনও অতিরিক্ত দফতরের দায়িত্ব বা কার্যভার সামলাতে পারবেন না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর আগে নীলম মীনা রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক (Consumer Affairs) দফতরের প্রধান সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। তারও আগে হুগলির জেলাশাসক হিসেবে কাজ করার পাশাপাশি পরিবেশ দফতর, যুব কল্যাণ দফতর এবং কেন্দ্রীয় ডেপুটেশনে থাকাকালীন ‘টি বোর্ড’ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। রাজ্য প্রশাসনের অন্যতম অভিজ্ঞ ও দক্ষ এই আমলার নতুন নিয়োগকে কেন্দ্র করে নবান্ন এবং রাজ্য নির্বাচন দপ্তরে শুরু হয়েছে নতুন কর্মতৎপরতা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।