
Kolkata News: কলকাতার শতবর্ষ প্রাচীন সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হল উইপোকায় কাটা বিপুল পরিমাণে টাকা। ইউনিয়ন রুমের আলমারিতে ছিল দু’টি ব্যাগ। সেই ব্যাগগুলিতেই ছিল টাকা। কলেজের ইউনিয়ন রুমে এত টাকা কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পড়ুয়াদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়েছে না দুর্নীতির মাধ্যমে ইউনিয়নের নেতারা এই টাকা জোগাড় করেছেন, সে বিষয়ে উপযুক্ত তদন্তের দাবি উঠছে। তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দখলে। মঙ্গলবার যখন উইপোকায় কাটা টাকা উদ্ধার করা হয়, তখনও দেখা যায় ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ফলে এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকেই।
সুরেন্দ্রনাথ কলেজ সূত্রে জানা গিয়েছে, মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে অভিযান চালাতে আসেন কলকাতা পুরসভার কর্মীরা। তাঁরা ইউনিয়ন রুম তালাবন্ধ দেখে সেখানেও যাওয়ার দাবি জানান। কলেজ কর্তৃপক্ষকে তালা ভাঙতে বলেন পুরসভার কর্মীরা। এরপর ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়। সেখানে দেখা যায়, আলমারিতে টাকা ভর্তি দু'টি ব্যাগ রয়েছে। মোট টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে তৃণমূল কংগ্রেসের (AITC) এক নেতার নাম উঠে আসছে। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। দেবাশিসের ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
বরানগরের বিধায়ক সজল ঘোষের অভিযোগ, ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলের বিপুল টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ সজলের। তিনি এই দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, অভিযুক্তদের জেরা করলেই সব তথ্য জানা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।