
এবার আইনি গেরোয় তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আরজি কর আন্দোলনের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিকবার হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের নাম উচ্চারণ করেছিলেন। সেই অভিযোগ তুলেই আইনজীবী সায়ন সচিন বসু রচনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (The Bharatiya Nyaya Sanhita (BNS), 2023) ৭২(১) ধারায় অভিযোগ করা হয়েছে।
চারু মার্কেট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মী জানিয়েছেন, অভিযোগকারী সরাসরি লিখিত অভিযোগ থানার বড়বাবু সুশান্ত কুণ্ডুর কাছে জমা দিয়েছেন।
রচনা এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, 'সেই সময় ঘটনার ঘাতপ্রতিঘাটে মনখারাপ ছিল সকলের। আমিও নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ফলে ভুলবশত নাম নিয়ে ফেলেছি। যা আমার করা উচিৎ হয়নি। ' তিনি আরও বলেছিলেন, যে ভিডিও নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে তাতে স্পষ্ট দেখা যাবে তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি আরও জানিয়েছেন, এক তরুণী চিকিৎসক এভাবে ফুরিয়ে যাবে তা তিনি মানতে পারেননি। তবে রচনা জানিয়েছেন, এই বিষয়ে আর তিনি কথা বলবেন না। তাঁর আইনজীবী কথা বলবেন।
কেন অভিযোগকারী ২ বছর পুরনো আরজি করের ঘটনা নিয়ে থানা পুলিশ করছেন? সূত্রের খবর ঘটনার সময়ই অভিযোগকারী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় রচনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রসঙ্গত, অভিযোগনামায় অভিযোগকারী জানিয়েছেন, আরজি কর হাসপাতালের ধর্ষণ এবং খুন হওয়া তরুণী চিকিৎসকের নাম উল্লেখ করে একটি ভিডিয়োবার্তা ভাগ করে নিয়েছিলেন অভিযুক্ত তারকা সাংসদ। সেখানে তিনি নাকি একাধিক বার নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। যা আইনত নিষিদ্ধ।