
West Bengal Election News: নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ৪,৬৬০টি সহায়ক বা অক্সিলিয়ারি ভোটকেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেখানে কোনও বুথে ভোটারের সংখ্যা ১,২০০-এর বেশি, সেখানেই এই অতিরিক্ত বুথ তৈরি করা হবে। এর ফলে ভোটারদের ভিড় কমবে এবং সহজে ভোটদান সম্ভব হবে। এছাড়াও, ভোটারদের সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্রের অবস্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের পৃথকভাবে জানানো হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন।সব মিলিয়ে সহায়ক বুথ-সহ রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৮৫,৩৭৯।
কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, নতুন বুথ তৈরি ও স্থান পরিবর্তনের বিষয়ে ব্যাপক প্রচার চালাতে হবে এবং রাজনৈতিক দলগুলিকেও লিখিতভাবে জানাতে হবে। একইসঙ্গে সমস্ত নির্বাচন-সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটের দিন সবেতন ছুটি বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কোনও কোম্পানি, শিল্পসংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটের দিন সবেতন ছুটি দিতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে জরিমানার বিধানও রয়েছে।
শুধু স্থায়ী কর্মী নয়, দৈনিক মজুরির শ্রমিক এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুবিধার আওতায় থাকবেন। তাঁদের ক্ষেত্রেও মজুরি কাটা যাবে না বলে স্পষ্ট করেছে কমিশন। এছাড়াও, এমন অনেক কর্মী রয়েছেন যাঁরা এক কেন্দ্রে ভোটার হলেও কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। কমিশন জানিয়েছে, তাঁদের ক্ষেত্রেও ভোটের দিন সবেতন ছুটি প্রযোজ্য হবে, যাতে তাঁরা নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনের এই নির্দেশের লক্ষ্য, প্রত্যেক ভোটার যেন বাধাহীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোনও কর্মক্ষেত্রের চাপ যাতে ভোটদানে বাধা না হয়ে দাঁড়ায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।