
West Bengal Police: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই অবাধ সুষ্ঠভাবে নির্বাচন করাতে তৎপর হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় প্রথম দফার ভোটের আর ১২ দিনও বাকি নেই। তার আগে ফের রাজ্য পুলিশে রদবদল ঘটাল নির্বাচন কমিশন। ১৯ জন এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদল করল নির্বাচন কমিশন।
অর্ডার জারি করে বলা হয়েছে, কোনওভাবেই এই ১৯ জন আধিকারিক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেইসঙ্গে ভোটের ডিউটি থেকে অব্যহতি চাওয়া কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে ভোটেক পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতে যেতে হবে বলে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)।
সূত্রের খবর, কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৮১ জন পুলিশ অফিসারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শুক্রবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশে এদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে সংশ্লিষ্ট পুলিশ সুপাররা। কমিশন সূত্রে খবর, এই পুলিশ আধিকারিকরা কোনও ভাবেই যাতে ভোটের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহন করতে না পারেন তার জন্য মুচলেকা দিতে হবে কমিশনের কাছে।
সাব-ইনস্পেক্টরদের বদলি সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। তাতে বলা হয়েছে, গত ২৯ মার্চ ১৫০ জন ইনস্পেক্টর এবং সাব-ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে ৪৯ জন এসআই বিভিন্ন থানায় কাজ করছেন। সেই ৪৯ জন যে জেলায় কর্মরত, সেখান থেকে তাঁদের অন্য জেলায় সরিয়ে দিতে হবে। তাঁরা ভোটের কাজে কোনও ভাবেই যুক্ত থাকতে পারবেন না। এ ছাড়া আর একটি বিজ্ঞপ্তিতে আলাদা করে ১৯ জন সাব-ইনস্পেক্টরকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত শনিবারই কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে ভোটের পর্যবেক্ষক হিসেবে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই আবহে পশ্চিমবঙ্গের ক্যাডারভুক্ত ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে বিশেষ দায়িত্ব দেয় ভারতের নির্বাচন কমিশন। তাঁকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য 'পুলিশ পর্যবেক্ষক' (Police Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে।
West Bengal Weather: সপ্তাহান্তে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
সুপ্রতিম সরকার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার অধীনে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব সামলাবেন। এই কেন্দ্রগুলি হলো— তিরুনেলভেলি, আম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কাজে অব্যহতি চাইলেও কমিশনের কড়া নির্দেশ মানতে হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারা এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০বি ধারা অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পর্যবেক্ষক থাকাকালীন তিনি সরাসরি কোনও নির্বাচনী আধিকারিককে প্রশংসাপত্র বা কোনো বদলি সংক্রান্ত নির্দেশ দিতে পারবেন না।
কোনও আধিকারিকের কাজ প্রশংসনীয় মনে হলে বা কোনও বিচ্যুতি নজরে এলে, তা সরাসরি কমিশনকে জানাতে হবে। নির্বাচন চলাকালীন তিনি কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে থাকবেন এবং তাঁকে ডেপুটেশনে থাকা আধিকারিক হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যেই তাঁকে অবজার্ভার পোর্টালে নিজের ছবি ও তথ্য আপলোড করে আইডি কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।