
Murder Case: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা অঞ্চলের গড়িয়া রেল স্টেশন সংলগ্ন একটি আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, অসুস্থ ছেলেকে পাশের ঘরে রেখে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। জানা গিয়েছে, আবাসনের দ্বিতীয় তলায় অধ্যাপক সৌমিক দাস, তাঁর স্ত্রী এনাক্ষী ও তাঁদের আট বছরের ছেলের বসবাস ছিল। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল না তাঁদের। প্রায় চার বছর আগে এই আবাসনে ওঠেন তাঁরা। রবিবার সকালে কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। আগের দিন রাত আটটা নাগাদ ফোন করেও যোগাযোগ করতে পারেননি তিনি। সকালে আবার ফোন করলেও না পেয়ে ফ্ল্যাটে আসেন তিনি। তারপরেই মারাত্মক ঘটনার কথা জানা যায়।
আবাসনে পৌঁছনোর পর সংশ্লিষ্ট পরিবারের এক প্রতিবেশীর কাছ থেকে প্রধান দরজার চাবি নিয়ে উপরে ওঠেন কাজের মহিলা। তিনি দরজায় হাত দিতেই তা খুলে যায়। ফ্ল্যাটের ভিতরে ঢুকে তিনি দেখেন, একটি ঘরে ঘুমিয়ে রয়েছে অসুস্থ ছেলে আর অন্য ঘরে বিছানার উপর পড়ে রয়েছে এনাক্ষীর নিথর দেহ। সেই সময় মশারিও টাঙানো ছিল। তবে মৃতার অধ্যাপক স্বামীর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনা আবিষ্কৃত হওয়ার পর প্রতিবেশীদের ডাকা হয়। এরপর আবাসনের বাসিন্দারাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিছু দূরেই থাকতেন মৃতার বাবা-মা। তাঁদেরও খবর দেওয়া হয়। দেহটি উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। কীভাবে মৃত্যু হল, তা রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সম্পর্কের টানাপোড়েন, অবসাদ, অসুস্থতা না আর্থিক সমস্যা, ঠিক কী কারণে এই খুন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.