
2026 West Bengal Legislative Assembly Election: '৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি-র (BJP) বিজয়োৎসব হবে। মিষ্টি দেওয়া হবে, ঝালমুড়িও বিলি করা হবে। ভয় থেকে মুক্তি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। যুব থেকে শুরু করে নারী, সকলে শান্তিতে থাকবেন।' পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিনই নদিয়া জেলার কৃষ্ণনগরে জনসভায় যোগ দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই মন্তব্যই করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের (AITC) আক্রমণের জবাব দিয়ে বললেন, 'আমি দেখছি ঝালমুড়িও হইচই ফেলে দিয়েছে বাংলায়। এখানে এসে ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লেগেছে তৃণমূলের। চিন্তা করবেন না, ৪ তারিখের পর বিজেপি ক্ষমতায় আসবে, ঝালমুড়ি বিলিও করা হবে।'
পশ্চিমবঙ্গে যে কোনও নির্বাচন মানেই হিংসা-রক্তপাত, এমনকী প্রাণহানিও সাধারণ ঘটনা। তবে বৃহস্পতিবার এখনও পর্যন্ত ভোট নিয়ে খুব বেশি অভিযোগ পাওয়া যায়নি। সে কথা উল্লেখ করে মোদী বলেছেন, '৫০ বছরে প্রথম ভোট, যেখানে সবচেয়ে কম হিংসা হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission of India) পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। না হলে আগে দেখা যেত, খুন করে গাছে ঝুলিয়ে বলত আত্মহত্যা করেছে। আমি কমিশনকে ধন্যবাদ জানাই। আমি যতদূর খবর পাচ্ছি, বাংলায় এবার রেকর্ড হারে ভোট হচ্ছে। তাই হলফ করে বলতে পারি, রাজ্যে এবার পরিবর্তন হবেই। চারিদিকে পরিবর্তনের ঝড় দেখা যাচ্ছে। ভয়ের বিরুদ্ধে ভরসার জয় দেখতে পাচ্ছি।'
মোদী আরও বলেছেন, 'আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, সকলেই বলছেন পাল্টানো দরকার। সেই কারণে অনেক জেলার অনেক জায়গায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। আসলে মানুষ তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের কাজে অতিষ্ট। এর আগে একাধিক রাজ্যে বিপুল হারে ভোটদান হয়েছে। যেসব রাজ্যেই হয়েছে, সেখানেই বড় ব্যবধানে জিতেছে বিজেপি। বাংলার ভোটদান সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।'
কৃষ্ণনগরের কাছে ঘূর্ণির মৃৎশিল্পীদের উদ্দেশ্যে মোদী বলেছেন, 'ঘূর্ণির মৃৎশিল্পীরা মাটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। তাঁদের কাজ সারা বিশ্বে সমাদৃত। কিন্তু গত ১৫ বছরে তাঁদের নির্জীব করে দিয়েছে তৃণমূল সরকার। শিল্পীদের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma) যোজনা চালু করা হয়েছে। কিন্তু তৃণমূল সরকার বাংলায় এই প্রকল্প চালু করতে দেয়নি। বিজেপি যেখানে ভোকাল ফর লোকাল আর লোকাল ফর গ্লোবাল, এই লক্ষ্য নিয়েছে, সেখানে তৃণমূলের নির্মম সরকার গত ১৫ বছর ধরে শুধু একটাই কাজ করে গিয়েছে, ওয়ান পার্টি, ওয়ান সিন্ডিকেট। ডবল ইঞ্জিন সরকার ডবল গতিতে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে। তাই প্রত্যেক বিজেপির প্রার্থীকে জয়ী করা জরুরি। তৃণমূলের ভয় ঝেড়ে ফেলে সকলে ভোট দিন, ৪ তারিখ রাজ্যে বিজেপি সরকার গড়ুন।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.