
North Bengal Homestay News: প্রেমের সম্পর্কের পর বিয়ে। নতুন সংসারের বয়স মাত্র দু’মাস। বিয়ের পর প্রথম হানিমুন ঘিরে ছিল একরাশ স্বপ্ন ও আনন্দ। সেই স্বপ্ন নিয়েই পাহাড়ে পাড়ি দিয়েছিলেন চোপড়ার নবদম্পতি সৌভিক ও নিকিতা। কিন্তু আনন্দের সেই সফরই মুহূর্তে পরিণত হল ভয়াবহ দুঃস্বপ্নে। হোমস্টেতে বারবিকিউ করার সময় আগুনে গুরুতরভাবে ঝলসে গেলেন নববধূ নিকিতা। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন চোপড়ার বাসিন্দা সৌভিক ও নিকিতা। বিয়ের পর থেকেই হানিমুনে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেই পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি সিটংয়ে যান তাঁরা। পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে উঠেছিলেন নবদম্পতি। অভিযোগ, রাতে হোমস্টেতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের কবলে পড়ে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন নিকিতা। পরিবারের দাবি, হোমস্টেতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর দ্রুত নিকিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর। আগুনে শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিকিতার পরিবার। পরিবারের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি। চিকিৎসা ও অন্যান্য জরুরি ব্যবস্থার ক্ষেত্রেও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
নবদম্পতির আনন্দের হানিমুন কীভাবে এমন ভয়াবহ ঘটনায় পরিণত হল, বারবিকিউয়ের আগুন কীভাবে ছড়িয়ে পড়ল এবং সেখানে নিরাপত্তার কোনও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.