
শীত পড়তেই পাহাড়, জঙ্গল আর জলাধারের টানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড় থেকে বামনি ফলস, খয়রাবেড়া জলাধার—জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে এখন বছরভরই পর্যটকদের আনাগোনা। এবার পর্যটনের সেই ভিড়কে আরও বাড়াতে বড়সড় লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরুলিয়ায় পর্যটক সংখ্যা ১০ লক্ষে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর সেই লক্ষ্য পূরণে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ১০ দফা নির্দেশিকা জারি করল পুরুলিয়া জেলা পুলিশ।
জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত পুরুলিয়ায় ৬ লক্ষেরও বেশি পর্যটক এসেছেন। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ডিসেম্বরের মধ্যে পর্যটক সংখ্যা ১০ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। সেই লক্ষ্য সামনে রেখেই শনিবার অযোধ্যা পাহাড়ে হোটেল, লজ, কটেজ, রিসর্ট ও হোমস্টে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৈঠক করেন জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ-সহ প্রশাসন ও বনদপ্তরের প্রতিনিধিরা।
কী কী নিয়ম মানতে হবে পর্যটকদের ও হোটেল কর্তৃপক্ষকে?
1. ট্রাফিক বিধি মানতে হবে: অযোধ্যা পাহাড়ে যাতায়াতের জন্য মোট সাতটি রাস্তা রয়েছে। পাহাড়ের আপার ড্যাম, বামনি ফলস ও হিলটপ এলাকায় যাতে যানজট না হয়, সেদিকে বিশেষ নজর রাখবে পুলিশ।
2. পরিচয়পত্র বাধ্যতামূলক: হোটেল, লজ বা হোমস্টেতে আসা প্রত্যেক পর্যটকের সচিত্র পরিচয়পত্র সংগ্রহ করতে হবে কর্তৃপক্ষকে। কোনও দলের সঙ্গে ২৪ জন এলেও প্রত্যেকের পরিচয়পত্র রাখতে হবে।
3. নোডাল ম্যানেজার নিয়োগ: প্রত্যেক পর্যটক আবাসে একজন করে নোডাল ম্যানেজার রাখতে হবে। তিনি নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন।
4. রেজিস্টার পরীক্ষা: প্রয়োজন হলে রাত ১২টার সময়ও পুলিশ হোটেল বা লজের রেজিস্টার পরীক্ষা করতে পারবে। কর্তৃপক্ষকে তাতে সহযোগিতা করতে হবে।
5. স্থানীয় সংস্কৃতিকে সম্মান: পুরুলিয়ায় বেড়াতে এসে স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে পর্যটকদের।
6. জঙ্গলে ক্যাম্পিং নিষিদ্ধ: পর্যটক আবাস থেকে দূরে জঙ্গলের মধ্যে আলাদা করে ক্যাম্প তৈরি করে পরিষেবা দেওয়ার প্রস্তাব কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বন্যপ্রাণী, স্থানীয় বাসিন্দা ও বনাঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
7. ডিজে ও শব্দদূষণে নিষেধাজ্ঞা: সরকারি বিধি অনুযায়ী ডিজে বাজানো নিষিদ্ধ। পর্যটক আবাসগুলিকেও শব্দবিধি মেনে চলতে হবে।
8. অনুমতি ছাড়া অ্যাডভেঞ্চার নয়: ট্রেকিং, রক ক্লাইম্বিং, ড্রোন ওড়ানো, শুটিং কিংবা রাতে নাইট ট্রেলিংয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হবে।
9. সিঙ্গল উইন্ডো ব্যবস্থা: পর্যটকদের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সহজ করতে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করছে পুলিশ। পর্যটক আবাসের মাধ্যমে সংশ্লিষ্ট থানা বা ফাঁড়িতে আবেদন জমা দিলে পুলিশ তা প্রয়োজনীয় দপ্তরে পাঠিয়ে দেবে।
10. পর্যটকদের জন্য বাড়তি পরিষেবা: পর্যটনকেন্দ্রগুলিতে পুলিশ কিয়স্ক থাকবে। বিশেষ করে যেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই শ্যাডো জোনগুলিতেও কিয়স্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলিতে বায়ো-টয়লেট ও পরিচ্ছন্নতার ব্যবস্থার উপরেও জোর দেওয়া হচ্ছে।
নিরাপত্তার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনেও জোর
শীতের মরশুমে পর্যটকদের ভিড় সামলাতে শুধু নিরাপত্তা নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপরেও গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা এড়াতে ব্লাইন্ড জোনগুলিতে আয়না বসানো এবং রাস্তার ধারের ঝোপঝাড় পরিষ্কারের উপরেও জোর দেওয়া হচ্ছে। পুলিশের স্পষ্ট বার্তা, পুরুলিয়ায় বেড়াতে এসে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট হোটেল, লজ বা রিসর্ট কর্তৃপক্ষকেও দায় নিতে হবে।
জঙ্গলমহলের পর্যটনকে সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রশাসনের লক্ষ্য। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা, স্থানীয় সংস্কৃতির সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.