পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে বহু প্রতীক্ষিত রেলপথ। সেবক-রংপো প্রকল্পে শেষ হল দীর্ঘতম সুড়ঙ্গের খননকাজ। এর ফলে বড় একটি নির্মাণপর্ব সম্পূর্ণ করল রেল। সিকিমে প্রথম ট্রেন পৌঁছনোর স্বপ্ন এবার কতটা বাস্তবের কাছাকাছি? কবে চালু হতে পারে এই রেলপথ?

অবশেষে বড়সড় সাফল্য সেবক-রংপো রেল প্রকল্পে। হিমালয়ের দুর্গম পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া এই রেলপথের দীর্ঘতম সুড়ঙ্গ খননের কাজ সম্পূর্ণ হল। এর ফলে প্রকল্পের মোট ১৪টি সুড়ঙ্গের খনন পর্ব শেষ হয়েছে। সিকিমকে দেশের রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করার স্বপ্ন এবার আরও এক ধাপ এগোল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পাহাড়ি এই রাজ্যে কবে পৌঁছবে ট্রেন, সেই প্রশ্নেই এখন আগ্রহ বাড়ছে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের।

শুক্রবার, ২৭ নভেম্বর সেবক-রংপো রেল প্রকল্পের ১০ নম্বর সুড়ঙ্গের খননকাজ শেষ হয়। প্রায় ৫.৩ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি প্রকল্পের সবচেয়ে বড়। দুই দিক থেকে খনন চালানোর পাশাপাশি দুটি অতিরিক্ত প্রবেশপথ বা অ্যাক্সেস টানেল দিয়েও কাজ করা হয়েছিল। অবশেষে সুড়ঙ্গের দুই প্রান্তের খননকারী অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে। শনিবার রেল মন্ত্রকের তরফে এই সাফল্যের কথা জানানো হয়।

কেন এই সুড়ঙ্গ এত গুরুত্বপূর্ণ?

সেবক থেকে রংপো পর্যন্ত প্রস্তাবিত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা পেরিয়ে এই রেলপথ পৌঁছবে সিকিমের পাকিয়ং জেলায়। দুর্গম হিমালয় অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতির কারণে প্রকল্পের প্রায় ৮৬ শতাংশ অংশই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে।

পুরো প্রকল্পে রয়েছে মোট ১৪টি সুড়ঙ্গ এবং ২৩টি সেতু। এই রেলপথে সেবক, রিয়াং, মেল্লি ও রংপো স্টেশন থাকবে। পাশাপাশি তিস্তা বাজারে তৈরি হচ্ছে একটি ভূগর্ভস্থ স্টেশন। সেবকে এসে এই নতুন রেলপথ যুক্ত হবে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেলপথের সঙ্গে।

এবার কী কী কাজ বাকি?

সুড়ঙ্গ খননের কাজ শেষ হলেও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্মাণপর্ব বাকি। এবার সুড়ঙ্গের ভিতরের কংক্রিটের আস্তরণ তৈরি, রেললাইন বসানো এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

সিকিমের পর্যটনে কতটা প্রভাব পড়বে?

এই রেলপথ চালু হলে প্রথমবার সরাসরি দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে সিকিম। বর্তমানে সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের জাতীয় সড়ক ১০-এর উপর নির্ভর করতে হয়। রেল যোগাযোগ চালু হলে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু পর্যটন নয়, সিকিমে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ এবং স্থানীয় ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে সেবক-রংপো রেল প্রকল্প উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।