Bolla Raksha Kali: আকাশ থেকে পুষ্পবৃষ্টি, বোল্লা কালীর চরণে লক্ষ লক্ষ ভক্ত

Published : Nov 27, 2026, 04:24 PM IST
Sree Sree Bolla Raksha Kali Temple

সংক্ষিপ্ত

Sree Sree Bolla Raksha Kali Temple: বাংলার বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা করা হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বছরের পর বছর ধরে কালীপুজো হয়ে আসছে। দক্ষিণ দিনাজপুরের শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মন্দির তেমনই এক বিখ্যাত মন্দির। এখানে রক্ষাকালী পুজোয় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম দেখা যায়।

DID YOU KNOW ?
আকাশ থেকে পুষ্পবৃষ্টি
তারাপীঠ, তারকেশ্বরের মতো বোল্লা কালী মন্দিরেও রাজ্য সরকারের উদ্যোগে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হল।

Bolla Raksha Kali Puja 2026: আকাশ থেকে ঝরে পড়ছে ফুল। নীচে তখন হাজার হাজার ভক্তের ভিড়। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর জয় মা বোল্লা কালীর ধ্বনিতে মুখরিত সারা অঞ্চল। ৩০০ বছরেরও বেশি প্রাচীন দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোকে ঘিরে ফের জনসমুদ্রের চেহারা নিল মন্দির চত্বর। প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমার পরের শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হল মা বোল্লা কালীর পুজো। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্‌রাজ্য, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে। ভক্তদের বিশ্বাস, মা বোল্লা অত্যন্ত জাগ্রত। তাই মায়ের কাছে মানত করা এবং সেই মানত পূরণ হলে পুজো দিতে আসার রীতি দীর্ঘদিনের। পুজো উপলক্ষে বহু ভক্ত পাঠা বলিদানও দেন।

পুষ্পবৃষ্টির মাধ্যমে বোল্লা কালী পুজো

এ বার পুজোর অন্যতম আকর্ষণ ছিল হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। তারাপীঠ ও তারকেশ্বরের মতো বোল্লা কালীমন্দিরেও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভক্তদের উদ্দেশে আকাশপথে ফুল ছড়ানো হয়। সেই পুষ্পবৃষ্টির সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আকাশ থেকে ফুলের বৃষ্টি দেখতে ভক্তদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনের মেলায় ১২ লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে মন্দির ও মেলা চত্বর জুড়ে উৎসবের আবহ।

বোল্লা কালীপুজোর প্রাচীন ইতিহাস

বোল্লা কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক প্রাচীন লোককথাও। কথিত আছে, ইংরেজ আমলে বোল্লা এলাকার এক জমিদার ব্রিটিশ সরকারের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন। মামলার শেষ দিনে গ্রামের রক্ষাকালী মায়ের কাছে প্রার্থনা করেন তিনি। মানত করেন, মামলায় জয়ী হলে রাস পূর্ণিমার পরের শুক্রবার ধুমধাম করে মায়ের পুজো দেবেন। কথিত আছে, প্রায় হেরে যাওয়া সেই মামলায় শেষ পর্যন্ত জয়ী হন জমিদার। এরপর নিজের মানত পূরণ করতে রাস পূর্ণিমার পরের শুক্রবার মহাসমারোহে পুজোর আয়োজন করেন। সেই থেকেই এই শুক্রবারে বোল্লা কালীপুজোর প্রচলন বলে স্থানীয় জনশ্রুতি। মায়ের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। প্রথমবার পুজো দিতে এসেছেন প্রশান্ত মণ্ডল। তাঁর কথায়, 'এ বছরই প্রথম মায়ের পুজো দিতে এলাম। শুনেছি মা খুব জাগ্রত। তাই নিজের মনের ইচ্ছা জানাতে এবং মায়ের আশীর্বাদ নিতে এসেছি।' অন্যদিকে, বিহার থেকে আসা রঞ্জিত সিংয়ের অভিজ্ঞতা কিছুটা আলাদা। তাঁর কথায়, 'এর আগেও মায়ের কাছে এসেছিলাম। একটি মানত করেছিলাম। সেই মনস্কামনা পূরণ হওয়ায় আবার আনন্দের সঙ্গে মায়ের দর্শন করতে এসেছি।' লোকবিশ্বাস, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর ভক্তির টানে প্রতি বছরই নতুন করে প্রাণ পায় বোল্লা কালীপুজো। এ বারও আকাশ থেকে পুষ্পবৃষ্টি আর লক্ষ লক্ষ ভক্তের সমাগমে বোল্লা যেন পরিণত হয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দুতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০০
৩০০ বছরেরও বেশি সময় ধরে হচ্ছে বোল্লা কালীপুজো।
দক্ষিণ দিনাজপুরে শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মন্দিরে ৩০০ বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ভেলোরে ছুটতে হবে না? বাংলায় ৪ মেডিক্যাল কলেজ, ১০০টি ওষুধের দোকান খোলার ঘোষণা
আসানসোল@এনকাউন্টার: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম প্রতাপ, পুলিশ নিয়ে গেল হাসপাতালে