চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে ছুটতে হবে না? বাংলার স্বাস্থ্য পরিষেবায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, কলকাতা, নিউটাউন এবং আসানসোলেও নতুন হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে ছুটতে হবে না? বাংলার স্বাস্থ্য পরিষেবায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, কলকাতা, নিউটাউন এবং আসানসোলেও নতুন হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই চারটি মেডিক্যাল কলেজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অন্ডালে একটি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সেখান থেকেই বাংলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ
বাংলার স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পগুলির জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তাঁর দাবি। তবে কোন চারটি জেলায় এই মেডিক্যাল কলেজ তৈরি হবে, তার নির্দিষ্ট নাম এবং নির্মাণ শুরুর সময়সীমা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে চিকিৎসার পাশাপাশি ডাক্তারি পড়াশোনার পরিকাঠামোও বাড়বে।
কলকাতা, নিউটাউন ও আসানসোলে নতুন হাসপাতাল
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে কলকাতা, নিউটাউন এবং আসানসোলে নতুন হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নিউটাউনে হাসপাতাল তৈরির পরিকল্পনায় বেসরকারি বিনিয়োগের কথাও সামনে এসেছে। অন্যদিকে আসানসোলে রামকৃষ্ণ মিশন পরিচালিত হাসপাতালের ক্যানসার কেয়ার ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
অন্ডালে তৈরি হচ্ছে ক্যান্সারর হাসপাতাল
ক্যানসারের চিকিৎসার জন্য আরও উন্নত পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই হাসপাতাল তৈরি হলে পশ্চিম বর্ধমান-সহ আশপাশের জেলার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হতে পারে। ক্যান্সার-সহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম অনেক বেশি। ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর চিকিৎসার খরচের চাপ বাড়ে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১০০টি অমৃত মেডিসিন সেন্টার খোলার কথা ঘোষণা করা হয়েছে। সেখানে ক্যান্সার-সহ দীর্ঘমেয়াদি রোগের দামি ওষুধ তুলনামূলক কম দামে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৮.৫ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধার আওতায় রয়েছেন। এর মধ্যে প্রায় ৬.৫ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। বাকিদের জন্য রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা রয়েছে বলে জানিয়েছেন তিনি। রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ নিয়েও এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে রোগীদের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। বর্তমান সরকার সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করেছে। সব মিলিয়ে নতুন মেডিক্যাল কলেজ, হাসপাতাল, ক্যানসার চিকিৎসা এবং কম দামে ওষুধের ব্যবস্থা—এই চারটি ক্ষেত্রকে সামনে রেখেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন, নির্দিষ্ট স্থান এবং সময়সীমার দিকে এখন নজর থাকবে সাধারণ মানুষের।












