SRFTI Campus Incident: কলকাতার গর্বের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটে কার্যত, তাণ্ডব! বহিরাগতরা ইট ছুঁড়ছেন বাইরে থেকে। মূলত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তথা আরএসএস-এর একটি শাখা সংগঠনের বিরুদ্ধে (SRFTI Campus Incident)। এমনকি, অভিযোগ আসছে যে, এসআরএফটিআই-এর ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপর চড়াও হয়েছেন তারা। এক ছাত্রকে নগ্ন করে মারার অভিযোগ আসছে। তবে পাল্টা আঘাতের কথাও শোনা যাচ্ছে। অর্থাৎ, অভিযোগ দুই তরফেই। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত বলে জানা যাচ্ছে (SRFTI news)।
ক্যাম্পাসের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসের ভিতর ঢুকে হামলা চালিয়েছে এবং তার জেরেই আহত হয়েছেন একাধিক পড়ুয়া এবং ফ্যাকাল্টি। সবথেকে বড় বিষয়, এত বছরে এইরকম কোনও ঘটনা SRFTI ক্যাম্পাসে দেখা যায়নি। জানা যাচ্ছে, রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে একটি সভার আয়োজন করে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত বা এবিজিপি (পশ্চিমবঙ্গ প্রান্ত)। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সকাল ১০টা থেকে এই সভা শুরু হয়। তবে কিছুক্ষণ পরেই, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি তুলতে শুরু করেন পড়ুয়াদের একাংশ। এরপরেই প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন ছাত্রছাত্রী। কেন বেসরকারি কোনও সংগঠনকে ক্যাম্পাসের মধ্যে ঢুকে সভা করতে দেওয়া হল? রীতিমতো রেজিস্ট্রারের কাছে তা জানতে চান পড়ুয়ারা।
তারপরেই পড়ুয়াদের উপর এবিজিপি-র সদস্যরা আক্রমণ করে বলে অভিযোগ। কার্যত, বেধড়ক মারা হয় পড়ুয়াদের। তাদের বাঁচাতে গিয়ে কয়েকজন অধ্যাপকও আহত হয়েছেন বলে খবর। সেই পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে যায় পুলিশ। তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি। অভিযোগ আসছে, এসআরএফটিআই-এর গেটের বাইরে এখনও ভিড় করে রয়েছে বহিরাগতদের এবং ক্যাম্পাসের বাইরে থেকে চলছে ইটবৃষ্টি! ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন, বহিরাগতদের সরাতে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমনকি, মারধর যারা করেছে, সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ না নিয়ে উল্টে অভিযোগকারীদের নাম এবং বাসস্থান ডায়েরিতে লিখে রাখা হচ্ছে। পুলিশের কাছে তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর ফাইল করতে হবে। এই দাবিতে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভও দেখান পড়ুয়াদের একাংশ। এখনও দু-পক্ষের মধ্যে স্লোগানের যুদ্ধ চলছে। শুধু তাই নয়, আহত পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি অ্যাম্বুল্যান্সকেও ক্যাম্পাসের বাইরে আটকান আরএসএস-এর কর্মীরা। SRFTI-এর পড়ুয়ারা স্লোগান দিতে থাকেন, আরএসএস গো ব্যাক!
এখনও ভিতরে আটকে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা! বাইরে থেকে ইটবৃষ্টি, নিঃসন্দেহে বেনজির ঘটনা SRFTI-তে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.