
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট, বিড়ি বা অন্যান্য তামাকজাত পণ্যের দোকান থাকলে এবার সাবধান! পড়ুয়াদের তামাকের নেশা থেকে দূরে রাখতে আরও কঠোর হচ্ছে প্রশাসন। স্কুল-কলেজের নির্দিষ্ট দূরত্বের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনায়। নিয়ম অমান্য করে ব্যবসা চালালে সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। ঘটনাটি শুধু নিষেধাজ্ঞা জারির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই বারাসত শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় দোকানে দোকানে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। অভিযানে একাধিক দোকানে বিড়ি, সিগারেট, গুটখা ও খৈনি বিক্রির প্রমাণ মেলে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট দোকানদারদের জরিমানা করার পাশাপাশি সতর্কও করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। শুধু একদিনের তল্লাশি নয়, নিয়মিত নজরদারির পরিকল্পনা রয়েছে। ফের একই অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট দোকান সিল করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তামাকজাত দ্রব্য বিক্রি বা তার বিজ্ঞাপন করার অভিযোগ প্রমাণিত হলে কোনওরকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আধিকারিকরা।
টোবাকো কন্ট্রোল বোর্ডের আধিকারিক প্রীতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি আইনত নিষিদ্ধ। এদিনের অভিযানে কয়েকটি দোকানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে।
স্কুল-কলেজের আশপাশে সহজেই তামাকজাত সামগ্রী পাওয়া গেলে অল্প বয়সেই পড়ুয়াদের মধ্যে নেশার প্রবণতা তৈরি হতে পারে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের দোকানগুলিতে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, কেন্দ্রীয় COTPA আইন অনুযায়ী, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট বা অন্য তামাকজাত পণ্য বিক্রি করা যায় না। এবার সেই নিয়ম কার্যকর করতে বারাসতে প্রশাসনের এই তৎপরতা কতটা সফল হয়, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.