SIR-এ নাম বাদ গেলে কেন রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকেও বাদ? রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

Published : Jul 18, 2026, 12:19 PM IST

SIR-এ নাম বাদ গেলেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট জানাল Supreme Court। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশন কার্ড বাতিল প্রসঙ্গে রাজ্য সরকার ও Election Commission-কে নোটিস পাঠাল শীর্ষ আদালত, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর।

PREV
110
সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

শুক্রবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)-এ কারও নাম বাদ যাওয়া বা ট্রাইবুনালে মামলা বিচারাধীন থাকা মানেই তিনি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন কোনও রায় শীর্ষ আদালত দেয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই শুনানি হয়।

210
এসআইআর থেকে বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়

আদালত ফের একবার স্পষ্ট করে দেয়, ভোটার তালিকায় নাম না থাকা মানেই কেউ নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন, এমনটা বলা যাবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও, কারও নাগরিকত্ব চূড়ান্তভাবে নির্ধারণ করার অধিকার তাদের নেই বলেই স্পষ্ট বার্তা দিয়েছে আদালত।

310
বিহার এসআইআর রায়ের প্রসঙ্গ টানলেন বিচারপতি বাগচী

বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, বিহারের এসআইআর মামলার রায়েই এই বিষয়টি স্পষ্ট করা রয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির স্বার্থে কমিশন নাম যুক্ত বা বাদ দিতে পারে ঠিকই, কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা তাদের হাতে নেই।

410
নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব আসলে কেন্দ্রীয় সরকারের

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কারও নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো কমিশনের দায়িত্ব। যতক্ষণ না চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের মর্যাদা বহাল রাখতে হবে বলেও জানিয়েছে আদালত।

510
রাজ্য সরকারের কাছে জবাব তলব

এসআইআরে নাম বাদ যাওয়া বা ট্রাইবুনালে বিচারাধীন নাগরিকদের কেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কেন তাঁদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে, তার সুস্পষ্ট জবাব চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

610
নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে নোটিস

শুধু রাজ্য সরকার নয়, এই মামলার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককেও জবাব দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে বলে জানা গিয়েছে।

710
রাজ্যে এসআইআর-পরবর্তী পরিসংখ্যান উদ্বেগজনক

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ দিলেও ৩০ লক্ষেরও বেশি ভোটার ২০২৬ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে জানা যাচ্ছে।

810
ট্রাইবুনালে বিচারের গতি নিয়ে ক্ষোভ

সন্দেহভাজন নামগুলি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের অধীনে গঠিত ১৯টি ট্রাইবুনালে বিচার চলছে। আবেদনকারীর আইনজীবীর দাবি অনুযায়ী, ১৩ এপ্রিল পর্যন্ত ৩৪ লক্ষেরও বেশি আবেদন বিচারাধীন থাকলেও মাত্র ৩৮ হাজারের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৭০ শতাংশ নাম যুক্তও হয়েছে— যা থেকে স্পষ্ট, বহু নাম ভুলবশত বাদ পড়েছিল।

910
কংগ্রেস নেতার মামলা এবং দাবিসমূহ

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসআইআর কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বসু সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেন। তাঁর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে দাবি করেন, ভোটাধিকার হারানোর পাশাপাশি এসআইআরে বাদ পড়া নাগরিকরা অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশনের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। তিনি অতিরিক্ত ট্রাইবুনাল গঠন এবং মামলার অগ্রগতি জানার জন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরির আর্জিও জানান।

1010
প্রধান বিচারপতির আশ্বাস

আবেদনকারীর দাবি শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ট্রাইবুনাল সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মামলার মূল বিষয়ে বিবাদী পক্ষগুলির কাছ থেকে জবাব চেয়ে নোটিস পাঠানোর নির্দেশ দেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories