নিজের দফতর নিয়ে যে শুভেন্দু অধিকারী অতিরিক্ত সচেতন তা আরও একবার বুঝিয়ে দিলেন। শপথের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন রাজ্যের প্রাক্তন নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। তারপর ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুভেন্দু অধিকারী তাঁর দফতরে নিয়োগ করেছেন আরও দুই আমলাকে। যাঁরা রীতিমত বয়সে তরুণ। একই সঙ্গে সাত জন অভিজ্ঞ ডাব্লুবিসিএস আধিকারিকও নিয়োগ করা হয়েছে।
রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দুই তরুণ আইএএসকে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিবের (joint secretary) পদে নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পি প্রথম (২০১৯এর আইএএস ব্যাচ) মাইক্রো, স্মল অ্য়ান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। এখন তাঁকে সরাসরি নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে। পাশাপাশি নবনীত মিত্তল (২০২০ সালের আইএএস ব্যাচ) ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক পদে। তাঁকেও এবার মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্মসচিব পদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দ্রুত নিয়োগ করা হয়েছিল সুব্রত গুপ্তকে। সরকার পরিচালনায় একটি নিজস্ব প্রশাসনিক দল যে শুভেন্দু অধিকারী দ্রুত তৈরি করতে চাইছেন তা স্পষ্ট করে দিয়েছিলেন। রবিবার তিনি যখন কাঁথিতে নিজের বাড়িতে রয়েছেন তখনই কলকাতা থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রবিবার আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ জন অভিজ্ঞ ডাব্লুবিসিএস (WBCS) আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে আনা হয়েছে। এদের মধ্যে অনেকেই নন্দীগ্রামের ইআরও ও আরও ছিলেন।
সম্রাট চক্রবর্তী: আবাসন দফতর থেকে।
২) অমর্ত্য চক্রবর্তী: মৎস্য দফতর থেকে।
৩) অয়ন দত্তগুপ্ত: ডায়মন্ড হারবারের মহকুমা শাসক (SDO) পদ থেকে।
৪) রাজর্ষি নাথ: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদ থেকে।
৫) সুরজিৎ রায়: ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত ডিরেক্টর পদ থেকে।
৬) প্রমিত দাস: হাওড়া জেলার এসএইচজি ও এসইও (SHG & SEO) পদ থেকে।
৭) দীপ ভাদুড়ী: পূর্ব মেদিনীপুর জেলার এসএইচজি ও এসইও (SHG & SEO) পদ থেকে।
ওয়াকিবহাল মহলের ধারনা শুভেন্দু অধিকারী অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের নিয়েই নিজের প্রশাসনিক দল গঠন করতে চাইছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.