
Suvendu Adhikari Rally: একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় (Garhbeta) গিয়ে একইসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) ও সিপিআইএম-কে (CPIM) তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার গড়বেতার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও এম এ বেবি-কে (MA Baby) আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘আমি যখন বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে গিয়ে আন্টি আর বেবিরা দোস্তি করছে। ফলতার পুষ্পা ঝুকেগা নেহি বলেছিল, শেষে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছে। মমতার বন্ধু এখন লাল পার্টি। গড়বেতার তপন ঘোষ আছে না পালিয়ে গিয়েছে? এস পি ম্যাডামকে বলব, খুঁজে এনে জেলে ভরুন।’
শনিবার শুভেন্দু বলেন, 'গড়বেতার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছে। ২০২৪ সালে ঝাড়গ্রামে প্রণত টুডুর মাথা ফাটিয়ে দিয়েছিল মনে আছে আপনাদের? আমি এফআইআর-এর কপি চাইছি। যারা এখনও এই মামলায় গ্রেফতার হয়নি, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এস পি-কে। নির্বাচনের আগে ফিরছিলাম পুরুলিয়া থেকে, সেই চন্দ্রকোনা রোডে আমাদের উপর আক্রমণ হয়েছিল। আমি ভুলিনি সেই কথা। সারারাত ফাঁড়িতে বসেছিলাম। মহম্মদ সেলিম (Md Salim) কয়েকদিন আগে বলেছেন, বিজেপি (BJP) এসেছিল সিপিএম-কে আক্রমণ করতে, জনগণ রুখেছে। আমি বলে গেলাম, গড়বেড়াতে থেকে নন্দীগ্রামে যারা যারা লড়াই করতে গিয়েছিল তাদের একটাকেও ছাড়া হবে না। চন্দ্রকোনা রোডে এসে আমি সুশান্ত ঘোষের বুকের উপর দাঁড়িয়ে সভা করে গিয়েছি। এরা আবার সন্ত্রাস করতে চায়। আপনারা রুখে দেবেন তো?'
এদিন গড়বেতায় রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কর্মসংস্থানের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামী দিনে এই জঙ্গলমহলের প্রান্তিক পরিবারগুলি যাতে দুটো করে জব কার্ড পায়, তার ব্যবস্থা করতে হবে। লোকশিল্পীদের দিয়ে গ্রামে গ্রামে গিয়ে সরকারের কাজের প্রচার করব। ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণার দিদি এবং বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। জানুয়ারি মাসে নতুন ২০ লক্ষ আবাস যোজনার বাড়ি পাবে। যারা পুরনো আবাস ও মনরেগার টাকা যারা চুরি করেছে, তাদের কাছ থেকে সব আদায় করাব। বালির দাম কিছুটা বাড়লেও এবার তা কমবে। পুলিশ আর রাস্তায় টাকা চাইছে না। মহালয়ার দিন ১১ হাজার কনস্টেবলের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছি। ৩৫ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে। ৮ মে-র মধ্যে এস সি-এসটি-ওবিসি-দের মর্যাদা দিয়ে এক লক্ষ নিয়োগ হবে। ৮৪ লক্ষ মানুষ ৫০০ টাকা করে বাড়তি টাকা পেয়েছেন। আগামী দিনে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাও পাবেন। নতুন বার্ধক্য ভাতার আবেদন যাঁরা করবেন, তাঁরা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আইপ্যাকের দেওয়া তালিকা গ্রহণ করব না। আগামী ৫ তারিখে কৃষক সম্মান নিধির টাকা পেয়ে যাবেন। কৃষকদের বিদুৎ বিলে দু’টাকা করে ছাড় দিয়েছি। কৃষকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার করেছে, আমি তাদের ক্ষতিপূরণ দেব। আগামী দিনে বর্ডারে আর কেউ আলুর গাড়ি ঘিরে ধরবে না। আগামী বাজেটে গড়বেতাকে মহকুমা ঘোষণা করা হবে। খড়গপুর চৌরঙ্গী থেকে গড়বেতা পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি করব। সেই সঙ্গে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পেও সাহায্য করবে আমাদের সরকার।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.