
WB Sir Update: ভোটার তালিকায় ভুল ও অসংগতি সংশোধনে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। স্পেশাল সামারি রিভিশন (SSR) ২০২৭ চলাকালীন ভোটার তালিকার তথ্যের সঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এ সংগৃহীত তথ্য মিলিয়ে দেখার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। এই মর্মে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে Memo No. 23/2026-ERS জারি করা হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারদের নাম, অভিভাবকের নাম, সম্পর্কের ধরন, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হবে। SIR-এর সময় সংগৃহীত তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্যে কোনও অমিল বা ভুল নজরে এলে সংশ্লিষ্ট এন্ট্রিগুলিকে চিহ্নিত করে যাচাই করতে হবে। এই কাজে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (BLO)। যেসব ভোটারের তথ্যের মধ্যে অসংগতি পাওয়া যাবে, তাঁদের বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য যাচাই করতে হবে BLO-দের। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে পূরণ করা ও স্বাক্ষরযুক্ত Form-8 সংগ্রহ করতে হবে।
এরপর BLO-দের কাছ থেকে পাওয়া আবেদনগুলি খতিয়ে দেখবেন AERO এবং ERO-রা। নির্ধারিত নিয়ম মেনে সেই আবেদনগুলির নিষ্পত্তি করতে হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটারদের ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে Form-8 বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদন ছাড়া কোনও পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য শনাক্ত করে ভোটার তালিকায় কোনও সংশোধন করা যাবে না বলেও জানানো হয়েছে।
গোটা প্রক্রিয়াটি ECINet-এর অধীনে থাকা BLO, AERO এবং ERO মডিউলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও জানিয়েছে কমিশন। উল্লেখযোগ্যভাবে, ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার তারিখ (Qualifying Date) ধরে চলা SSR প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। অর্থাৎ, SIR-এর তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তুলনা করে সম্ভাব্য ভুল চিহ্নিত করা এবং BLO-দের মাধ্যমে সরেজমিনে যাচাই করে Form-8-এর সাহায্যে সংশোধনের প্রক্রিয়া চালানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.