
দিঘা: নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। উপকূলজুড়ে দেখা দিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রের পরিস্থিতি খারাপ হওয়ায় পর্যটকদের জলে না নামার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে সমুদ্রের গভীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে নজরদারিও বাড়ানো হয়েছে। শুধু দিঘা নয়, শঙ্করপুর, জুনপুট, পেটুয়াঘাট-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাতেও নিম্নচাপের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ জায়গায় ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও হাওয়ার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্রগুলিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে পর্যটকদের। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যাতে কোনও ধরনের বিপদ না ঘটে, সেদিকেই এখন বিশেষ নজর প্রশাসনের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.