
সরকার বদল হতেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেকে সাজাতে উদ্যোগী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এবার রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা আয়োজন করেছিল রাজ্যসরকার। সেখান থেকে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আজ ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আবেদন করব অর্থনৈতিক ক্ষেত্রে যে ভাবে ফিস বা অর্থ নিচ্ছেন, তাতে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়। সাধারণ বাড়ির ছেলে মেয়েরা অসুবিধায় পড়ে এমন কাজ করবেন না। মূল্যায়নের ক্ষেত্রে যত্নবান হন।
তিনি আরও বলেন, আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আবদুল কালাম- প্রসঙ্গ টেনে তিনি পড়ুয়াদের বোঝান, শিক্ষার কোনও বিকল্প নেই। পড়ুয়াদের বলেন, চিন্তার কোনও কারণ নেই, সরকার সকলের পাশে আছে। সেই মঞ্চ থেকেই ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই জাতীয় শিক্ষা নীতি লাগু হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে চুক্তির পর এবার রাজ্যে তৈরি হবে পিএমশ্রী বিদ্যালয়। প্রতিটি ব্লকে একটি করে এমন স্কুল থাকবে। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তোলাই জাতীয় শিক্ষানীতির লক্ষ্য। সিলেবাস বদল থেকে স্মার্ট ক্লাসরুম-সহ একাধিক বিষয় চালু হতে চলেছে সরকারি স্কুলে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.