প্রায় ১৫ দিন পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গের ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে বড়সড় পরিবর্তন।জনগণনা বা সেনসাসের কাজের জন্য আগামী বছরের দুই বোর্ড পরীক্ষাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। নতুন সূচি অনুযায়ী, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৯ মার্চ এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সংশোধিত পরীক্ষাসূচির কথা জানান। তবে এই সূচি চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। অর্থাৎ, সরকারি চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা রয়েছে।
আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২ মার্চ। কিন্তু জনগণনার কাজের কারণে সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষা শুরু: ২ মার্চ ২০২৭
মাধ্যমিক পরীক্ষা শেষ: ১৬ মার্চ ২০২৭
উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে থেকে?
মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণেও বদল আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৯ মার্চ। পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ, মাধ্যমিক শেষ হওয়ার মাত্র দু'দিন পরেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই ব্যবধান নিয়েই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।
স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, জনগণনার কাজে বহু শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে। ফলে একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো বড় পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বক্তব্য, জনগণনার কাজের কথা মাথায় রেখেই পরীক্ষার নতুন দিনক্ষণ ঠিক করা হয়েছে। সংশোধিত সূচি চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার পর অষ্টম জনগণনা প্রক্রিয়া দু'টি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। প্রথম পর্যায়ে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বাড়ি তালিকাভুক্তিকরণের কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে জনসংখ্যা ও জাতিগত গণনা।
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন অংশে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলার কথা। এই সময় বহু স্কুলশিক্ষক জনগণনার কাজে নিযুক্ত থাকবেন। ফলে বোর্ড পরীক্ষায় গার্ড বা ইনভিজিলেটরের দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নতুন পরীক্ষাসূচি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মধ্যবর্তী সময়ের ব্যবধান নিয়ে। সাধারণত মাধ্যমিক শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু ২০২৭ সালের প্রস্তাবিত সূচিতে মাধ্যমিক শেষ হওয়ার মাত্র দু'দিন পরেই উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে।কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষকের মতে, রাজ্যের স্কুলগুলিতে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। ২০১৬ সালের পর থেকে শিক্ষক নিয়োগের অভাব সেই সমস্যাকে আরও বাড়িয়েছে। তার উপর জনগণনার কাজে শিক্ষকদের একাংশ ব্যস্ত থাকলে বোর্ড পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে নভেম্বরের শুরুতেই দুই পর্ষদের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত স্কুল শিক্ষা দফতর সেই প্রস্তাবের ভিত্তিতে নতুন সূচি তৈরি করেছে। এখন নবান্নের চূড়ান্ত অনুমোদনের পরই ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সংশোধিত নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.