
চলন্ত এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জন যাত্রীর। মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, বুধবার প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই বাসটি। মাঝরাতে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় জেওয়ারের কাছে দয়ানটপুর গ্রামে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতে বেশ কিছুটা সময় লেগে যায় তাঁদের।
এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে জানান, বাসে আগুন লাগার কথা জানতে পেরেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। চারপাশ ধোঁয়ায় ভরে যাওয়ায় বাস থেকে বেরিয়ে আসাও কঠিন হয়ে পড়ে। কোনও রকমে অনেকে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই শুরু হয় হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে বাসের কাচের জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসেন বহু যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।
তবে বাসের ভিতরে আর কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
তবে ঠিক কী কারণে বাসটিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া বাসটিকে আপাতত যমুনা এক্সপ্রেসওয়ের এক পাশে সরিয়ে রাখা হয়েছে।