
শুক্রবার কেন্দ্র সরকার অরুণাচল প্রদেশের তিনটি জেলা এবং সংলগ্ন কিছু এলাকায় আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ারস) অ্যাক্ট বা আফস্পার (AFSPA) মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল। এই নতুন মেয়াদ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাংলাং ও লংডিং জেলা এবং অসম সীমান্তবর্তী নামসাই জেলার নামসাই, মহাদেবপুর ও চৌখাম থানার অন্তর্গত এলাকাগুলোকে ১৯৫৮ সালের আফস্পা আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী 'উপদ্রুত এলাকা' হিসেবে ঘোষণা করা হল। ১ অক্টোবর ২০২৬ থেকে আগামী ৬ মাসের জন্য এই নিয়ম বলবৎ থাকবে, যদি না তার আগে এটি প্রত্যাহার করা হয়।"
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝপথে প্রত্যাহার না করা হলে, এই মেয়াদ ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।
'উপদ্রুত' এলাকায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা দেয় আফস্পা। এর ফলে তারা বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতার করতে পারে। পাশাপাশি, সৎ উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের জন্য আইনি রক্ষাকবচও পান জওয়ানরা। অরুণাচল প্রদেশের এই তিন জেলা এবং নামসাইয়ের কিছু অংশ অসম সীমান্তের খুব কাছে। সেখানে জঙ্গি কার্যকলাপের কারণে গত কয়েক বছর ধরেই দফায় দফায় আফস্পার মেয়াদ বাড়ানো হচ্ছে।