
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি আমেরিকায় গিয়ে মোদী সরকারের বিদেশ নীতির সমালোচনা করে ভারতকে আন্তর্জাতিক রাজনীতির 'সাইড প্লেয়ার' বলেছেন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি, দর্শন সিং চৌধুরী এবং মহেশ টেঙ্গিনকাই রাহুলের বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলার অভিযোগ তুলে সরব হয়েছেন। অন্যদিকে, সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি রাহুলের এই মন্তব্যকে সমর্থন করেছেন।
গত বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন, বিশ্ব রাজনীতিতে ভারতের আরও জোরালো ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, পাকিস্তান যখন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে, ভারত তখন 'সাইড প্লেয়ার' হয়ে দাঁড়িয়ে আছে। রাহুল গান্ধী বলেন, "আয়তনের দিক থেকে ভারতের স্বভাবতই একটা বড় জায়গা রয়েছে। আন্তর্জাতিক বিষয়ে ভারতের আরও সক্রিয় থাকা উচিত। কিন্তু সত্যি বলতে কী, ভারত এখন সাইড প্লেয়ার হয়ে গেছে, যেখানে পাকিস্তান, আমেরিকা ও ইরানের সঙ্গে আলোচনায় ব্যস্ত।"
বিদেশে গিয়ে রাহুলের এই মন্তব্যের পর, বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের অর্থনীতি ও গণতন্ত্রকে খাটো করছেন। তিনি কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কথা টেনে রাহুলকে তোপ দাগেন। ভান্ডারি বলেন, "রাহুল গান্ধী এখন বিদেশ সফরে। সেখানে গিয়ে তিনি ভারতের গণতন্ত্র আর অর্থনীতির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন। বিদেশে গিয়ে তিনি দেশবিরোধী শক্তির সঙ্গেও বৈঠক করছেন। কংগ্রেস নেতার এই দেশবিরোধী, গণতন্ত্র বিরোধী অ্যাজেন্ডা এখন সবার সামনে।"
তিনি আরও বলেন, "রাহুল গান্ধীর দলেরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এবং 'বিকশিত ভারত' গড়ে উঠবে। তার মানে কংগ্রেস নেতারাই মানছেন যে, ভারতের অর্থনীতি ভেঙে পড়েনি।"
বিজেপি সাংসদ দর্শন সিং চৌধুরী বলেন, "ভারতের সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে রাহুলের কোনও ধারণা নেই। বিদেশে গিয়ে তিনি এইসব আবোলতাবোল বকে দেশের সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। এর ফলে ওর নিজেরই আসল রূপ বেরিয়ে আসছে। কংগ্রেস আর ওদের জোটসঙ্গীরা কী করে এমন নেতৃত্ব মেনে নেয়, সেটাই আমি বুঝতে পারি না।"
বিজেপি বিধায়ক মহেশ টেঙ্গিনকাই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা মনে করিয়ে দিয়ে বলেন, "আমরা যখন বিদেশে যাই, তখন আমাদের ফোকাস হওয়া উচিত ভারতের ঐক্য, ভবিষ্যৎ আর উন্নয়নের ওপর। কিন্তু বিদেশে গিয়ে ভারতের নামে উল্টোপাল্টা কথা বলার কী মানে? যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলে থেকেও অটল বিহারী বাজপেয়ীকে দেশের হয়ে কথা বলার জন্য বিদেশে পাঠানো হয়েছিল। তিনি সবসময় দেশের স্বার্থেই কথা বলেছেন।"
অন্যদিকে, সিপিএম নেতা এম.এ. বেবি রাহুলের মন্তব্যকে সমর্থন করে বলেন, আগে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত নেতৃত্ব দিত, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। বেবি বলেন, "রাহুল গান্ধী আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের দুর্বল উপস্থিতির কথা বলে একদম ঠিক বলেছেন। আমরা একসময় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলাম।" তিনি আরও বলেন, "এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আজ্ঞাবহ হয়ে চলছেন। রাহুল গান্ধী এটাই বলতে চেয়েছেন। বিরোধী দলনেতার পর্যবেক্ষণ একদম সঠিক।"