
আজ দিল্লিতে কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠিত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভাইরাল ভিডিও ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর সমালোচনা করছেন, কারণ গানটি গাওয়ার সময় সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে মাঝপথে কথা বলছিলেন। তবে, শিল্পীরা গানটি চালিয়ে যান এবং অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া হয়। ভারত আজ তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
সোশ্যাল একটি ভিডিওতে, ‘বন্দে মাতরম’ গানটি চলার সময় সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে ইশারা করতে দেখা যায়। কেউ কেউ এই ইশারাগুলোকে ‘বন্দে মাতরম’ গানটি মাঝপথে থামানো বা বাধা দেওয়ার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে, অঙ্গভঙ্গি সত্ত্বেও গানটি চলতে থাকে এবং সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন উঠেছে। সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কি সত্যিই ‘বন্দে মাতরম’ নিয়ে আপত্তি জানিয়েছিলেন? নাকি ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে?
#WATCH | Delhi: The full Vande Mataram, was played at 80th Independence Day celebrations held at Congress headquarters today
Congress President Mallikarjun Kharge, CPP chairperson Sonia Gandhi and LoP Lok Sabha Rahul Gandhi and others were present on the occassion pic.twitter.com/BOkL9lbvMQ— ANI (@ANI) August 15, 2026
ঘটনার ব্যাখ্যায় কংগ্রেস জানায় যে অনুষ্ঠানের সময় পিছনে কিছুটা নড়াচড়া বা ব্যস্ততা চলছিল। সনিয়া গান্ধী মূলত দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের জন্য একটি চেয়ারের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। খাড়গে বয়স্ক মানুষ এবং দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিলেন। কংগ্রেসের মতে, “পটভূমিতে কিছুটা নড়াচড়া হচ্ছিল। এছাড়া, সনিয়া গান্ধী খাড়গের জন্য চেয়ারের ব্যবস্থা করতে চেয়েছিলেন কারণ তিনি বয়স্ক এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং মাঝপথেই তাঁকে সরিয়ে নিতে হয়েছিল।”
দলটি আরও স্পষ্ট করে জানায় যে, সনিয়া গান্ধীর ওই আচরণের সঙ্গে অনুষ্ঠানস্থলে বাজানো বন্দে মাতরমের কোনও সম্পর্ক ছিল না। কংগ্রেস বলে, “ঠিক সেই মুহূর্তেই ‘বন্দে মাতরম’ বাজানো শুরু হয়। এর সঙ্গে ‘বন্দে মাতরম’-এর কোনও সম্পর্ক ছিল না। তিনি নিজেও গানটি গাইছিলেন। সনিয়া গান্ধী কেবল অনুষ্ঠানের সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করার চেষ্টা করছিলেন।”
এই ঘটনাকে কেন্দ্র করে গুজরাত বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরমকে অবমাননা করার অভিযোগ তুলেছে। গুজরাত বিজেপি ‘এক্স’-এ পোস্ট করে লেখে, “কংগ্রেস দল আবারও জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-কে অপমান করেছে এবং নিজেদের মানসিকতা প্রকাশ করেছে।” তারা আরও যোগ করে, “ভোট-ব্যাঙ্ক রাজনীতির স্বার্থে কংগ্রেস আবারও ‘বন্দে মাতরম’-কে অপমান করল।” বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করেন যে, স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর পূর্ণ সংস্করণ পরিবেশন থামানোর চেষ্টা করা হয়েছিল।