
West Bengal Election 2026 Date: আর দেরি নয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে রবি বা সোমবার। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোটের দিন ঘোষণা হবে। দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতর থেকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে, এসআইআর নিয়ে জটিলতার মাঝেও তার আগে নির্বাচন করাতে মরিয়া কমিশন। বাকি চার রাজ্যে নির্ধারিত সময়ে ভোট করাতে সমস্যা হবে না কমিশনের।
শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চার রাজ্যে এক দফাতেই ভোট হবে। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল গতবারের মত এবারও এক দফায় ভোট হতে পারে। গতবার অসম বিধানসভায় তিন দফায় ভোটগ্রহণ ভোট হয়েছিল। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে এবার দু দফাতে ভোট হতে পারে। অসমে সবচেয়ে বড় উৎসব বিহুর আগেই ভোটগ্রহণ হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে দুই বা তিন দফায় ভোট হওয়া নিয়ে জল্পনা চলছে। সেক্ষেত্রে প্রথম দফায় উত্তরবঙ্গ, দ্বিতীয় দফায় রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল, এবং তৃতীয় দফায় দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতে ভোট হতে পারে। এসআইআর নিয়ে জটিলতা থাকায় পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা ও কত দফায় নির্বাচন হয় তার দিকে তাকিয়ে গোটা দেশ।
জোর জল্পনা, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তামিলনাড়ুতে এক দফাতেই রাজ্যের ২৩৪টি আসনে ভোটগ্রহণ হবে। একই দিনে তামিলনাড়ুর প্রতিবেশী পুদুচেরির ৩০টি আসনে এক দফায় ভোট হবে। কেরলে এক দফায় ১৪০টি আসনে ভোটগ্রহণ হতে পারে ২০-৩০ এপ্রিলের মধ্যে।
পশ্চিমবঙ্গ: ৭ মে, ২০২৬
তামিলনাড়ু: ১০ মে, ২০২৬
আসাম: ২০ মে, ২০২৬
কেরালা: ২৩ মে, ২০২৬
পুদুচেরি: ১৫ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গ: ২৯৪টি আসন, তামিলনাড়ু: ২৩৪টি আসন, কেরল: ১৪০টি আসন, অসম: ১২৬টি আসন, পুদুচেরি: ৩০টি আসন