
Strait of Hormuz Update: পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) চললেও, হরমুজ প্রণালী দিয়ে ভারতের দিকে আসা জাহাজগুলিকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে দেওয়া হবে। শুক্রবার এই আশ্বাস দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি (Iran’s Ambassador to India, Mohammad Fathali)। তিনি জানিয়েছেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অভিন্ন স্বার্থের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ। সেই রাস্তা দিয়ে কি ভারতীয় জাহাজ সুরক্ষিতভাবে যেতে পারবে? এই প্রশ্নের উত্তরে ফাতালি বলেন, 'হ্যাঁ। কারণ ভারত ও ইরান বন্ধু। আপনারা ভবিষ্যতেও তা দেখতে পাবেন, হয়তো দু-তিন ঘণ্টার মধ্যেই। আমরা বিশ্বাস করি, ভারত ও ইরান বন্ধু। আমাদের স্বার্থ এক, আমাদের ভাগ্যও এক।'
দুই দেশের পারস্পরিক দায়িত্বের উপর জোর দিয়ে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, ‘ভারতের মানুষের কষ্ট আমাদেরও কষ্ট, এবং আমাদের কষ্টেও ভারত পাশে থাকে। তাই ভারত সরকার যেমন আমাদের সাহায্য করে, তেমনই আমাদেরও ভারত সরকারকে সাহায্য করা উচিত। কারণ আমাদের ভাগ্য ও স্বার্থ এক।’ ফাতালি আরও জানান, তেহরান (Tehran) ভারতে তাদের দূতাবাসকে নির্দেশ দিয়েছে যাতে এই আঞ্চলিক সংঘাতের আবহে ভারত সরকারকে সবরকম সাহায্য করা হয় এবং কাজকর্ম মসৃণভাবে চলে। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি এই অঞ্চলে আমাদের ভাগ্য এক। তাই ইরানের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা ভারতে ইরান দূতাবাসকে নির্দেশ দিয়েছেন ভারত সরকারের জন্য পথ প্রশস্ত করতে।'
এর আগে, ভারতে ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি বলেন, তাঁর দেশ কখনওই প্রণালীটি বন্ধ করতে চায়নি, কিন্তু কিছু জাহাজ এখনও যাতায়াত করছে। সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে যেতে পারছে না, কিন্তু ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধ করেনি। তাঁর মতে, বিশ্ব নেতাদের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর চাপ সৃষ্টি করা। যাতে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেন। কারণ, তেলের দাম বাড়ায় সারা বিশ্বের মানুষ সমস্যায় পড়েছে। ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি বলেন, ‘ইরান হরমুজ প্রণালী বন্ধ করেনি। এটি খোলাই আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার কারণে জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে যেতে পারছে না। না হলে ইরান কখনওই চায়নি যে প্রণালীটি বন্ধ হোক। কিছু জাহাজ এখনও যাতায়াত করছে।’ তিনি আরও যোগ করেন, 'যারা এই যুদ্ধ শুরু করেছে, তাদেরই এটা বন্ধ করতে হবে। এই যুদ্ধের কারণে বিশ্বের বহু মানুষ ভুগছে। বিশ্ব নেতাদের একজোট হয়ে মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ দেওয়া উচিত। যাতে তিনি এই অন্যায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করেন।'
পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধ শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। একদিকে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ইরান। মার্কিন ও ইজরায়েলি সেনার যৌথ হানায় ইরানের ৮৬ বছর বয়সি সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) নিহত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোরালো হয়। এর জবাবে ইরানও উপসাগরীয় দেশগুলিতে থাকা ইজরায়েল ও আমেরিকার বিভিন্ন সম্পত্তিতে হামলা চালায়। এর ফলে জলপথে যাতায়াত ব্যাহত হয় এবং আন্তর্জাতিক তেলের বাজার ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। এই অঞ্চলের সংঘাতের কারণে বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।